অ্যান্ড্রয়েড ১৩ ভার্সনে ব্যবহারকারীদের জন্য ট্যাপ-টু-ট্রান্সফার ফিচার আনতে কাজ করছে গুগল। বর্তমানে বাজারে অ্যান্ড্রয়েড ১২ ভার্সন উন্মুক্ত করেছে প্রযুক্তি জায়ান্টটি। এর পর পরই নতুন অপারেটিং সিস্টেমের ফিচার নিয়ে আলোচনা শুরু হয়। খবর গ্যাজেটস নাউ।

অ্যান্ড্রয়েড ১৩-এর সঙ্গে নতুন ফিচার হিসেবে মিডিয়া টিটিটি উন্মুক্ত করা হতে পারে। অ্যান্ড্রয়েড পুলিশ এ-সংক্রান্ত ইউজার ইন্টারফেসের একটি ডেমো দেখতে পেয়েছে। ডেমোটি গুগল তৈরি করেছে বলে সূত্রে জানা গেছে। নতুন ফিচারের মাধ্যমে যেসয ডিভাইসে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম থাকবে, সেসব ডিভাইস থেকে নিকটবর্তী স্পিকার বা অন্য ডিভাইসের কাছে যাওয়ার মাধ্যমে ফাইল ট্রান্সফার করা যাবে।

যখন ব্যবহারকারী ফাইল ট্রান্সফারযোগ্য কোনো ডিভাইসের কাছে পৌঁছবে, তখন ফোনের ডিসপ্লের উপরের দিকে একটি চিপ নোটিফিকেশন দেখানো হবে। ভুলবশত কোনো ফাইল ট্রান্সফার হয়ে গেলে সেটি ফেরত আনার জন্য আনডু বাটনও থাকবে বলে জানা গেছে। বর্তমানে আইফোন ও হোমপড ডিভাইসে থাকা ফিচারের মতো এটি কাজ করবে। অ্যাপলের ডিভাইসগুলোয় ফিচারটি ইউওয়ান চিপ ব্যবহার করে। বর্তমানে পিক্সেল ৬ প্রো ও স্যামসাংয়ের বেশকিছু অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ফিচারটি দেখা যাচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে এটি বাজারে আনতে আরো সময় লাগবে।

প্রযুক্তিবিদদের ধারণা, নতুন ফিচারে গুগল নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তি ব্যবহার করতে পারে। তবে এটি সব অ্যান্ড্রয়েড ডিভাইস, স্পিকার, টেলিভিশন ও স্মার্টওয়াচে কাজ করবে নাকি নির্ধারিত কিছু ডিভাইসে কাজ করবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।