অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের আবেগঘন ও আরো উন্নত অভিজ্ঞতা প্রদানে নতুন একটি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট চালু করেছে এসকে টেলিকম। সম্প্রতি অ্যাসিস্ট্যান্টটির বেটা ভার্সন বাজারে উন্মুক্ত করেছে দক্ষিণ কোরিয়ার অন্যতম মোবাইল নেটওয়ার্ক পরিষেবা প্রতিষ্ঠানটি। খবর দ্য কোরিয়া হেরাল্ড।

কোরিয়ান ভাষার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটির আইকন হিসেবে রেইনকোট পরা একটি বাচ্চাকে যুক্ত করা হয়েছে। এ ডট নাম হলেও এর উচ্চারণ আই ডট। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং মডেল থাকায় ব্যবহারকারীরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সঙ্গে আবহাওয়াসহ যেকোনো বিষয়ে আলোচনা শুরুর পাশাপাশি গান বা ভিডিও চালুর নির্দেশনাও দিতে পারবে। বিদেশী ভাষা হিসেবে এতে ইংরেজি, চাইনিজ ও জাপানিজ সাপোর্টও রয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসকে টেলিকমের ভাইস প্রেসিডেন্ট ও প্রধান পণ্য কর্মকর্তা লি হুয়ান-এ বলেন, জিপিটি-৩ ল্যাংগুয়েজ মডেলের ভিত্তিতে এ ডটের উন্নয়ন করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে ব্যবহারকারীরা অ্যাসিস্ট্যান্টের সঙ্গে উন্মুক্ত ও স্বাধীন আলোচনায় অংশ নিতে পারবে। ওপেন বেটা ভার্সন ব্যবহারকারীদের কাছ থেকে এসকে টেলিকম মতামত গ্রহণ করছে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের উন্নয়নে এটি কাজে লাগবে।

লি হুয়ান-এ আরো বলেন, এ ডট এসকে টেলিকমের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিস্তারের একটি উদাহরণ। কেননা এ ডট সিস্টেমটি স্মার্ট স্পিকার নুগুতে যুক্ত করা হবে। এ ডটের প্রাথমিক ভার্সনের ব্যবহারকারীরা পাঁচটি ভিন্ন চরিত্র, আটটি ভয়েস টোন এবং কোরিয়ার আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক ভাষা ব্যবহারের সুবিধা পাবে। এসকে টেলিকমের ভাইস প্রেসিডেন্ট এবং ব্র্যান্ড স্ট্রাটেজি অফিসের প্রধান ইয়ে হুই-ক্যাং বলেন, ব্যবহারকারীরা যেন এ ডটের ভিজ্যুয়াল এজেন্টের সঙ্গে মানসিকভাবে যুক্ত হতে পারে, সেজন্য একাধিক চরিত্রের বিষয়টি ডিজাইন করা হয়েছে।

ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটি বর্তমানে এসকে টেলিকমের সহযোগীদের অ্যাপ থেকে গান ও মিডিয়া কনটেন্ট অনুসন্ধান ও সুপারিশ করতে পারবে। এর মধ্যে রয়েছে মিউজিক স্ট্রিমিং অ্যাপ ফ্লো, ইন্টারনেটভিত্তিক স্ট্রিমিং প্লাটফর্ম ওয়েভ, আউটডোর নেভিগেশন অ্যাপ টি ম্যাপ ও ওয়েব পোর্টাল নেট। আগামী কয়েক বছরের মধ্যে কনটেন্ট বাড়াতে এসকে টেলিকম কাজ চালিয়ে যাবে বলে জানা গিয়েছে।

অন্যদিকে এ ডটের মাল্টিমডাল আন্ডারস্ট্যান্ডিং ফিচারটি আগাম বছর চালু করা হবে। ফলে অ্যাসিস্ট্যান্টটি ছবি ও শব্দ ব্যবহারের মাধ্যমে কাজ করতে পারবে। ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ও ভুল তথ্যের বিস্তারসংক্রান্ত সমালোচনার বিষয়ে এসকে টেলিকমের প্রধান প্রযুক্তি কর্মকর্তা লি স্যাং-হো বলেন, এ ডটের কার্যক্রম সহজ করতে প্রতিষ্ঠানটি সংবেদনশীল ও বিভ্রান্তিকর তথ্য অপসারণ করছে।

বর্তমানে গুগল প্লে এবং ওয়ান স্টোরে ভয়েস অ্যাসিস্ট্যান্টটির বেটা ভার্সন বিনামূল্যে ডাউনলোড করা যাবে এবং জুনে অ্যাপলের অ্যাপ স্টোরেও এটি চালু করা হবে। গত সপ্তাহে গুগল আরো উন্নত ডায়ালগ অ্যাপ্লিকেশনের জন্য তাদের সর্বাধুনিক ল্যাঙ্গুয়েজ প্রসেসিং মডেল লাএমডিএ ২ উন্মুক্তের ঘোষণা দিয়েছে। পাশাপাশি আরো একটি ফিচার চালু করেছে। ফিচারটির আওতায় এখন থেকে ব্যবহারকারীদের আর হে গুগল বলে কথোপকথন শুরুর প্রয়োজন হবে না।