অ্যাপের নিরাপত্তা বাড়ানোর অংশ হিসেবে এবার কিশোরদের বন্ধু সাজেশন কমিয়ে দিচ্ছে স্ন্যাপচ্যাট। এর আগে কলিং ফিচারেও একই পদক্ষেপ বাস্তবায়ন করেছিল প্লাটফর্মটি। খবর এনগ্যাজেট।

নতুন পদক্ষেপের ফলে অচেনা প্রাপ্তবয়স্করা কুইক অ্যাড ফিচারে কিশোর বয়সীদের আইডি কম দেখতে পাবেন। ফলে কিশোররাও অপরিচিতদের বন্ধুত্বের আবেদন পাওয়ার বিড়ম্বনা থেকে রক্ষা পাবে। স্ন্যাপচ্যাটের তথ্যানুযায়ী, কোনো ব্যবহারকারীর সঙ্গে নির্দিষ্টসংখ্যক অ্যাকাউন্টের সম্পৃক্ততা না থাকলে তাদের ১৩ থেকে ১৭ বছর বয়সীদের অ্যাকাউন্ট সাজেশন দেখানো হবে না। তবে এ পদ্ধতির ফলে কিশোর ও প্রাপ্তবয়স্কদের মধ্যে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হবে না।

এক ব্লগপোস্টে কোম্পানিটি জানায়, ব্যথার জন্য বহুল ব্যবহূত ফেন্টানিলের অবৈধ ব্যবহার এবং স্ন্যাপচ্যাটের অপব্যবহারের মাধ্যমে মাদক চোরাচালান ও ব্যবসা বন্ধে প্লাটফর্মটির গৃহীত পদক্ষেপের এটি একটি অংশ। সাম্প্রতিক মাসগুলোয় মাদক ব্যবসায়ীদের কার্যক্রম নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় সমালোচনা ও তদন্তের মুখে পড়েছিল প্লাটফর্মটি। অ্যাপটির মাধ্যমে মাদক কেনাবেচার অভিযোগও ওঠে। এর পরিপ্রেক্ষিতে আইনপ্রণেতা ও নীতিনির্ধারকরা কঠোর বিধিনিষেধ আরোপে স্ন্যাপচ্যাটের ওপর চাপ প্রয়োগ করেন।

সম্প্রতি এক বিবৃতিতে স্ন্যাপচ্যাট জানায়, মাদকসংশ্লিষ্ট কনটেন্ট শনাক্তে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম বাড়িয়েছে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে ৮৮ শতাংশের বেশি কনটেন্ট শনাক্ত করা সম্ভব হচ্ছে।