পিজিএ ট্যুর গেমটি বাজারজাতের সময়সীমা আবারো পিছিয়ে দিয়েছে ডেভেলপার প্রতিষ্ঠান ইলেকট্রনিক আর্টস স্পোর্টস। চলতি সপ্তাহে এক ঘোষণায় একথা জানানো হয়। গত মার্চে প্রতিষ্ঠানটি গলফ গেম চালুর ঘোষণা দিয়েছিল। খবর এনগ্যাজেট।

চলতি বছরের বসন্তে গেমটি বাজারজাতের বিষয়ে আগে জানালেও সর্বশেষ আপডেটে সেটি এক বছর পেছানো হয়েছে। তবে গেম বাজারজাতের সময় পেছানোর সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেনি প্রতিষ্ঠানটি। পাশাপাশি পরবর্তী গেমটি কোন কোন প্লাটফর্মের গেমারদের জন্য চালু করা হবে সে বিষয়েও কিছু জানা যায়নি।

পিজিএ ট্যুরের নতুন ভার্সনে চারটি টুর্নামেন্ট যুক্ত থাকার বিষয়টি পুনর্ব্যক্ত করেছে ইলেকট্রনিক আর্টস স্পোর্টস। টুর্নামেন্টগুলো হলো দ্য মাস্টারস, দি ইউএস ওপেন, দ্য ব্রিটিশ ওপেন ও পিজিএ চ্যাম্পিয়নশিপ। গেমটি ডাইসের মালিকানাধীন ফ্রস্টবাইট ইঞ্জিনে চলবে। এর আগে সুইডেনের প্রতিষ্ঠানটিকে ব্যাটলফিল্ড ২০৪২-এর কাজ করতে দিয়েছিল। তবে গেমটি বাজারে সেভাবে প্রভাব বিস্তার করতে পারেনি। ব্যাটলফিল্ডের তুলনায় পিজিএ ট্যুর বাজারজাতের সময় অনেকটাই পিছিয়ে গেছে।

বাজারে উন্মুক্তের এক মাস পরও ব্যাটলফিল্ড ২০৪২ গেমটিতে ইন গেম ভয়েস চ্যাট সাপোর্টসহ বেশকিছু মূল ফিচারের উপস্থিতি মেলেনি। সম্প্রতি ডাইস গেমটিতে স্কোরকার্ড যুক্ত করতে পেরেছে।