স্মার্ট আইওয়্যার খাতে যুক্ত হতে যাচ্ছে ভারতীয় ব্র্যান্ড নয়েজ। স্মার্টগ্লাস উৎপাদনের মাধ্যমে প্রতিষ্ঠানটি ওয়্যারেবল বাজারে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করতে এ উদ্যোগ নিয়েছে। খবর ইটিটেলিকম।
ঘনিষ্ঠ সূত্রের তথ্যানুযায়ী, নয়েজ ল্যাবেই প্রযুক্তি প্রতিষ্ঠানটির প্রথম স্মার্ট আইওয়্যারের উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে। ব্র্যান্ডটি সম্প্রতি টেক ইনকিউবেটর নয়েজ ল্যাবস চালু করেছে। যেটি এ ক্যাটাগরিতে প্রথম এবং এখানে ভারতের জন্য অত্যাধুনিক সব পণ্যের উৎপাদন ও গবেষণা কার্যক্রম পরিচালিত হবে।
প্রতিষ্ঠানটির স্মার্ট আইগ্লাসগুলোর দাম ৫ হাজার থেকে ৭ হাজার রুপির মধ্যে থাকবে বলে সূত্রে জানা গেছে। ফলে এ ক্যাটাগরিতে নয়েজের পণ্য হবে সবচেয়ে সাশ্রয়ী। আসন্ন স্মার্টগ্লাসটি সানগ্লাস লেন্সের মাধ্যমে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ব্যবহারকারীদের ৯৯ শতাংশ সুরক্ষা দেবে এবং ব্লু লাইট ফিল্টারিং ট্রান্সপারেন্ট লেন্সের মাধ্যমে চোখের ওপর চাপ কমাতে সহায়তা করবে বলে দাবি প্রতিষ্ঠানটির। ফলে কম্পিউটারে কাজ করার সময় সবকিছু পরিষ্কার দেখা যাবে।
নয়েজ বর্তমানে যে ডিভাইস তৈরিতে কাজ করছে সেটির পোর্টফোলিওর তথ্যানুযায়ী, স্মার্ট আইওয়্যারটিতে অডিও সাপোর্ট ও দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যবহার করা হবে। টিওআই গ্যাজেটসকে সূত্র জানায়, নয়েজের স্মার্টগ্লাসে অ্যাপলের সিরি ও গুগল অ্যাসিস্ট্যান্টের ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার থাকতে পারে। তবে ডিভাইসটি কবে নাগাদ বাজারে আনা হবে কিংবা প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক বাজারে তাদের ডিভাইস উন্মোচন করবে কিনা, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।










