ভারতের উত্তর-পূর্বাঞ্চলে শিগগিরই স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ভারত ব্রডব্যান্ড নেটওয়ার্ক লিমিটেড (বিবিএনএল)। দেশটির টেলিকমিউনিকেশন বিভাগের কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। খবর ইটি টেলিকম।

ভারতনেট প্রকল্প পরিচালনাকারী বিবিএনএল অরুণাচল প্রদেশের পাহাড়ি ও প্রত্যন্ত অঞ্চলে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট পরিষেবার পরীক্ষামূলক সম্প্রচার করেছে। টেলিকমিউনিকেশনস বিভাগের কর্মকর্তা জানান, বিভিন্ন প্রদেশে প্রকল্পটির পরীক্ষামূলক পরিচালনা শেষে বাণিজ্যিকভাবে পরিষেবা চালু ও শুল্ক তথ্য প্রকাশ করা হবে।

প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সরকারি-বেসরকারিভাবে যারা জড়িত, তাদের আর্থিক সহায়তার প্রয়োজন হলে ৬০ হাজার কোটি রুপির ইউনিভার্সাল সার্ভিস অবলিগেশন ফান্ড থেকে তা দেয়া হবে।

প্রতিবেদনে আরো বলা হয়, বিবিএনএল সাত হাজারের বেশি পঞ্চায়েত ও অঞ্চলে স্যাটেলাইট-নির্ভর ইন্টারনেট সেবা প্রদানের প্রস্তাবনা দিয়েছে, বিশেষ করে যেসব অঞ্চল প্রত্যন্ত, দূরবর্তী এবং যেখানে তারের মাধ্যমে সংযোগ দেয়া সম্ভব নয়। এ লক্ষ্যে দেশজুড়ে চার হাজারের বেশি গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপি) স্থাপন করা হয়েছে বলে জানা গেছে।

মহাকাশ থেকে ভারত ব্রডব্যান্ড নেটওয়ার্ক লিমিটেডের (বিবিএনএল) স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা ইলোন মাস্কের স্টারলিংক, ভারতী গ্রুপের ওয়ানওয়েব ও অ্যামাজনের প্রজেক্ট কুইপারের সঙ্গে প্রতিযোগিতা করবে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ও বিশ্লেষকরা।