অ্যামাজন ডট কমকে একটি ডেলিভারি জায়ান্ট হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি এনে দেয়ার অন্যতম কারিগর ডেভ ক্লার্ক পদত্যাগ করছেন। আগামী ১ জুলাই অ্যামাজন ছাড়বেন প্রতিষ্ঠানটির অনলাইন রিটেইলার’স কনজিউমার বিজনেস-এর এই প্রধান নির্বাহী। গত ২৩ বছর ধরে অ্যামাজনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। গতকাল শুক্রবার প্রতিষ্ঠানটির বরাত দিয়ে এ খবর খবর জানিয়েছে রয়টার্স।
টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে ক্লার্ক জানান, তিনি নির্মাণ কাজে ফিরে যেতে চান। তিনি বলেন, আমি অ্যামাজনে একটি অসাধারণ সময় কাটিয়েছি কিন্তু আমার আবার নির্মাণ করার সময় এসেছে। সবার সঙ্গে কাজ করার সম্মান আমি পেয়েছে। গ্রাহকদের জন্য দুর্দান্ত জিনিস উদ্ভাবনের জন্য ২৩ বছর ধরে প্রতিদিন কাজে এসেছি। আমার কাজের সময়কে এত আনন্দদায়ক করার জন্য আপনাদের ধন্যবাদ।
তিনি জানান, ২০২২ সালে মূল্যস্ফীতিমূলক চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য একটি বহু-বার্ষিক নিরেট পরিকল্পনা তৈরি করে দিয়ে তিনি অ্যামাজন ত্যাগ করছেন।
তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, নতুন ম্যানেজার ও অ্যামাজনের সিইও অ্যান্ডি জ্যাসির সঙ্গে ক্লার্কের মনোমালিন্য চলছিল। এর জের ধরে পদত্যাগের সিদ্ধান্ত নিতে পারেন ক্লার্ক। যদিও এ প্রসঙ্গে কোনো মন্তব্য করেনি অ্যামাজন।
ক্লার্কের স্থলাভিষিক্ত কে হতে যাচ্ছেন তা এখনো ঘোষণা করেননি সিইও জ্যাসি। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এ ঘোষণা আসতে পারে।
১৯৯৯ সালে মে মাসে বিজনেস স্কুল থেকে স্নাতক হওয়ার পরপরই অ্যামাজনে যোগ দেন ক্লার্ক। এরপর দ্রুতই পদন্নোতি ঘটতে থাকে তার। কেনটাকিতে একজন অপারেশন ম্যানেজার হিসেবে যোগ দিয়ে যে যাত্রা তিনি শুরু করেছিলেন তা পরিণতি পায় অ্যামাজনের সব খুচরা, লজিস্টিকস ও অন্যান্য ভোক্তা-মুখী ব্যবসার পরিচালনার দায়িত্ব দিয়ে। এই যাত্রাপথে তিনি একটি ইন-হাউজ ডেলিভারি অপারেশন তৈরি করেছিলেন যার প্রতিদ্বন্দ্বী ছিল ফেডএক্স ও ইউনাইটেড পার্সেল সার্ভিসের মতো ভেলিভারি শিল্পের জায়ান্টগুলো।










