চ্যাটজিপিটির প্যারেন্ট প্রতিষ্ঠান ওপেনএআইতে ১ হাজার কোটি ডলার বিনিয়োগের লক্ষ্যে আলোচনা করছে মাইক্রোসফট করপোরেশন। এর মাধ্যমে সানফ্রান্সিসকোভিত্তিক প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়াবে ২ হাজার ৯০০ কোটি ডলার। ৯ জানুয়ারি অবগত সূত্রের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানায় সেমাফোর। খবর রয়টার্স।

বিনিয়োগের বিষয়ে মাইক্রোসফটের পক্ষ থেকে মন্তব্য দিতে অপারগতা প্রকাশ করা হয়। অন্যদিকে ওপেনএআই তাত্ক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল প্রকাশিত আরেকটি প্রতিবেদনে বলা হয়, ২ হাজার ৯০০ কোটি ডলার বাজারমূল্য নিয়ে ওপেনএআই তাদের বিদ্যমান শেয়ার বিক্রি করে দিতে চাইছে। থ্রাইভ ক্যাপিটাল ও ফাউন্ডারস ফান্ডের মতো ভেঞ্চার ক্যাপিটাল ফার্মগুলো বর্তমান শেয়ারহোল্ডারদের কাছ থেকে শেয়ার কিনে নিচ্ছে।

টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলোন মাস্ক ও বিনিয়োগকারী স্যাম আল্টম্যান গত ৩০ নভেম্বর পাবলিক টেস্টিংয়ের জন্য চ্যাটবট উন্মুক্ত করে দেয়। চ্যাটবট এমন একটি সফটওয়্যার যেটি নির্দেশনা অনুসরণের মাধ্যমে মানুষের মতো কথোপকথনে পারদর্শী।

সেমাফোর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিনিয়োগের মধ্যে কিছু শর্ত রয়েছে। এর মধ্যে ওপেনএআই যতক্ষণ না পর্যন্ত চ্যাটজিপিটি ও ছবি তৈরির টুল ডাল-ই থেকে উপার্জনের ব্যবস্থা করতে পারছে ততক্ষণ মাইক্রোসফট ৭৫ শতাংশ লভ্যাংশ নেবে। গত সপ্তাহে প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০১৯ সালে ওপেনএআইতে ১০০ কোটি ডলার বিনিয়োগ করেছে মাইক্রোসফট। সে সময় চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে সার্চ ইঞ্জিন বিংয়ের আরেকটি ভার্সন তৈরিতে কাজ চলছিল।