ডিজিটাল অন্তর্ভুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়নে কাজ করবে গ্রামীণফোন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ইন্টারনেটের দুনিয়া সবার’ শীর্ষক একটি দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণ করেছে গ্রামীণফোন। এ উদ্যোগে দেশজুড়ে পরিচালিত কর্মশালার মাধ্যমে নারীদের জন্য ডিজিটাল অন্তর্ভুক্তির মাধ্যমে নারী ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করবে প্রতিষ্ঠানটি।

গ্রামীণফোন জানিয়েছে, নারী ক্ষমতায়নসংক্রান্ত প্রকল্পটির প্রথম রাউন্ড ৯ মার্চ থেকে শুরু হবে। চলবে দুই বছরব্যাপী। এ উদ্যোগের অংশ হিসেবে সারা দেশে দুই হাজার ইউনিয়নে গ্রাম ও প্রান্তিক অঞ্চলের নারীদের নিয়ে উঠান বৈঠক আয়োজন করা হবে। এর মাধ্যমে যেসব নারীদের প্রযুক্তি ব্যবহারের সুযোগ নেই কিংবা সীমিত সুযোগ রয়েছে তাদের মধ্যে সচেতনতা তৈরি হবে। পাশাপাশি ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধিতে ভূমিকা রাখার মাধ্যমে তাদের ক্ষমতায়ন করা হবে। এসব বৈঠকে বাস্তব জীবনের উদাহরণ উপস্থাপন করে নারীদের প্রযুক্তি ব্যবহার নিয়ে যে ট্যাবু ও ভুল ধারণা প্রচলিত রয়েছে সেটি ভাঙতে তাদের সচেতন করা হবে। 

এ প্রসঙ্গে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, ‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদের নারীদের এ যাত্রায় সমানভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’