ভিডিওতে মানানসই গান বা সাউন্ডট্র্যাক যুক্ত করা কনটেন্ট নির্মাতাদের জন্য বেশ কঠিন। তবে এখন থেকে ব্যবহারকারীদের আর সে ভোগান্তিতে পড়তে হবে না। ভিডিও শেয়ারিংয়ের প্লাটফর্ম স্ন্যাপচ্যাটে স্বয়ংক্রিয় সাউন্ড ফিচার যুক্ত করা হয়েছে। এটি ব্যবহারকারীকে তুলনামূলক দ্রুতগতিতে ভিডিও ক্লিপ তৈরিতে সহায়তা করবে। খবর এনগ্যাজেট।
ফিচারটি চালু হওয়ায় এখন থেকে অ্যাপটিতে সাউন্ডট্র্যাক বাছাইয়ের বেলায় ব্যবহারকারীকে আর অস্বস্তিতে পড়তে হবে না। এর উদাহরণ হিসেবে ধরা যায় ‘সাউন্ডস রেকমেন্ডেশন’ নামের ফিচার, যা ব্যবহারকারীর ব্যবহৃত অগমেন্টেড রিয়ালিটি লেন্সের সঙ্গে মিলিয়ে গানের পরামর্শ দেয়।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ব্যবহারকারী যদি অ্যাপে পাউরুটিসংশ্লিষ্ট কোনো লেন্স ব্যবহার করেন, তখন এতে সবচেয়ে জনপ্রিয় ট্র্যাকগুলোর পাশাপাশি বেশকিছু টোস্ট সংশ্লিষ্ট গানও দেখানো হবে। এদিকে সাউন্ডস সিংক নামের ফিচারটি বিভিন্ন তালের সঙ্গে সামঞ্জস্য এনে মনটেজ ভিডিও তৈরিতে সহায়তা করবে। এর জন্য প্রয়োজন চারটি থেকে ২০টি পর্যন্ত ছবি বা ভিডিও। এমনকি প্রাসঙ্গিক গানের ওপর জোর না দিয়ে এটি বিভিন্ন অবসর বা সামাজিক ভ্রমণের সংক্ষিপ্তসার ভিডিও তৈরির বেলায়ও সাহায্য করতে পারে।
যুক্তরাষ্ট্রের আইওএস ব্যবহারকারীদের জন্য ফিচার দুটি এরই মধ্যে চালু করা হয়েছে। পাশাপাশি বৈশ্বিকভাবেও এগুলো চালুর উদ্যোগ নিয়েছে প্লাটফর্মটি। অ্যান্ড্রয়েড প্লাটফর্মের ব্যবহারকারীরা এখন থেকে সাউন্ডস রেকমেন্ডেশন ফিচারটি ব্যবহার করতে পারলেও সাউন্ডস সিংক সুবিধা পেতে মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
নিজেদের লক্ষ্যমাত্রা নিয়ে কোনো রাখঢাক রাখেনি স্ন্যাপ। কারণ ভিডিও তৈরি করা যত সহজ হবে, স্ন্যাপচ্যাটে ব্যবহারকারীর পোস্ট করার সম্ভাবনা ততই বেড়ে যায়। এমনকি কেবল ব্যবহারকারীই নন, বরং শিল্পীদেরও এটি সহায়তা দেবে।
স্ন্যাপের সংগীত কৌশল প্রধান ম্যানি অ্যাডলারের দাবি, শ্রোতাদের কাছে পৌঁছাতে বাদ্যশিল্পীদের জন্য এটা বিশেষ সুযোগ। কারণ, অনেকেই ভিডিওতে পাওয়া আংশিক গানের পুরো সংস্করণ শুনতে আগ্রহী হয়ে উঠতে পারে।
এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, স্ন্যাপের জন্য ফিচারগুলো ভালো সময়েই এলো। ২০২২ সালে অস্বস্তিকর সময় কাটানোর পর প্লাটফর্মটির দর্শক আবার বাড়ছে। গত গ্রীষ্মে কোম্পানির প্রায় এক হাজার তিনশ কর্মী ছাঁটাইয়ের পরও ৭৫ কোটি মাসিক সক্রিয় ব্যবহারকারীর মাইলফলক পেরিয়েছে স্ন্যাপের মালিকানাধীন ভিডিও তৈরি ও শেয়ারের প্লাটফর্মটি।










