লাইভ অডিও চ্যাট কার্যক্রমের পর এবার ব্যবহারকারীদের জন্য টেক্সট চ্যাট ফিচার চালু করেছে ক্লাবহাউজ। বিশেষ করে যারা মাইক্রোফোন ব্যবহারে বা অডিও চ্যাটে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তাদের জন্য ফিচারটি আনা হয়েছে। খবর টেকটাইমস।
২০২০ সালে অডিও শেয়ারিং প্লাটফর্ম হিসেবে ক্লাবহাউজের যাত্রা। ৯টু৫ম্যাকের নিউজ স্টোরির তথ্যানুযায়ী, সে সময় প্লাটফর্মটি শুধু লাইভ অডি ও চ্যাটের সুবিধা দিত। যেসব প্লাটফর্ম ভিডিও, ছবি বা টেক্সট মেসেজিং পরিষেবা দিত, সেগুলোর তুলনায় প্লাটফর্মটি সম্পূর্ণ আলাদা। ক্লাবহাউজের অডিও চ্যাট ফরম্যাট রেডিট, টুইটারসহ অন্যান্য সোস্যাল মিডিয়া জায়ান্টকেও আকর্ষণ করেছে। ফলে তারাও ব্যবহারকারীদের একই ধরনের ফিচার ব্যবহারের সুবিধা প্রদানে কাজ করেছে।
এনগ্যাজেট প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, ক্লাবহাউজের বর্তমান ফিচারটি ব্যবহারকারীদের অডিও অনলি রুমে চ্যাট করার সুবিধা দেবে। সোস্যাল অডিও অ্যাপটি জানায়, যারা মাইক্রোফোনের সামনে কথা বলতে লজ্জা পায়, তাদের জন্য নতুন ফিচারটি চালু করা হচ্ছে। এর মাধ্যমে সবাই লাইভ অডিও সেশনে যুক্ত হতে পারবে।
এক ব্লগপোস্টে ক্লাবহাউজ জানায়, কমিউনিটিতে সব ব্যবহারকারী মাইক্রোফোন ব্যবহার করে কথা বলতে আগ্রহী নন। পারতপক্ষে অডিওকেন্দ্রিক সোস্যাল মিডিয়া নেটওয়ার্কটির অনেক ব্যবহারকারী অডিও কথোপকথনে শুধু একজন অংশগ্রহণকারী হিসেবে অবস্থান করতে চান। ফলে ক্লাবহাউজের নতুন চ্যাট ফিচারটি টেক্সট মেসেজ দেয়ার মাধ্যমে মডারেটর ও শ্রোতাদের অডিও রুমে সহজে অংশ নেয়ার সুবিধা দেবে। তবে ক্লাবহাউজ টেক্সট চ্যাট ফিচারটিকে কথোপকথনের অতিরিক্ত ব্যবস্থা হিসেবে আখ্যা দিয়েছে।










