কয়েকবার পেছানোর পর আজ আবারো টুইটারের সাবস্ক্রিপশন পরিষেবা ব্লু টিক চালু হলো। তবে এ পরিষেবা গ্রহণে অ্যাপল ব্যবহারকারীদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে। এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে মাইক্রোব্লগিং প্লাটফর্মটি। খবর রয়টার্স।
প্রতিষ্ঠানটি জানায়, ব্যবহারকারীরা নতুন করে সাজানো পরিষেবাটি গ্রহণ করতে পারবে। এর মাধ্যমে টুইট এডিট করা, ১০৮০ পিক্সেলের ভিডিও আপলোডের পাশাপাশি ভেরিফিকেশন বা যাচাই শেষে অ্যাকাউন্টে ব্লু চেকমার্ক যুক্ত হবে। ওয়েবে এ পরিষেবা গ্রহণে ৮ ডলার ব্যয় হলেও অ্যাপলের আইওএস প্লাটফর্ম ব্যবহারকারীদের ১১ ডলার ব্যয় করতে হবে।
অন্যান্য প্লাটফর্মের তুলনায় অ্যাপল ব্যবহারকারীদের কেন বেশি অর্থ ব্যয় করতে হবে সে বিষয়ে টুইটার সুনির্দিষ্টভাবে কিছু জানায়নি। তবে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, অ্যাপ স্টোরে যে ফি নেয়া হয় তার সঙ্গে সামঞ্জস্য আনতে এ উদ্যোগ নেয়া হতে পারে।
প্রসঙ্গত, আগে টুইটার অ্যাকাউন্টে ব্লু টিক পাওয়ার জন্য ব্যবহারকারীদের আবেদন করতে হতো। আবেদন যাচাই শেষে ব্লু টিক দেয়া হতো। তবে ইলোন মাস্ক দায়িত্ব নেয়ার পর থেকে এ নিয়মে পরিবর্তন আনা হয়। গত নভেম্বরের শুরুতে মাসিক ৮ ডলারের বিনিময়ে সেবা চালু করে টুইটার। কিন্তু ভুয়া অ্যাকাউন্ট ভেরিফাই করতে না পারায় অল্পদিনেই পরিষেবা বন্ধ করে দিতে হয়।
অন্যদিকে গত ২১ নভেম্বর টুইটারের ভেরিফিকেশন ব্যাজ ব্লু টিক পরিষেবা চালুর সিদ্ধান্ত পেছানোর কথা জানান ইলোন মাস্ক। তিনি বলেন, টুইটারে ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করার আগ পর্যন্ত ব্লু টিক চালু করা হবে না। কিছুদিন আগে অ্যাকাউন্ট ভেরিফাই করার পদ্ধতি চালু করার পর কেবল অর্থের বিনিময়ে অনেক ভুয়া অ্যাকাউন্ট ব্লু টিক ব্যাজ পেয়ে যায়। এতে নানা সমালোচনার মুখে পড়ে টুইটার। এর পরই পুনরায় ব্লু টিক কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
ব্যক্তি, সরকারি অ্যাকাউন্ট ও কোম্পানির জন্য একাধিক রঙের টিক মার্ক চালুর কথাও জানিয়েছিলেন মাস্ক। তিনি জানিয়েছিলেন, নতুন ভেরিফিকেশন পরিষেবা চালু হলে এর আওতায় বিভিন্ন ব্যক্তির ভেরিফায়েড অ্যাকাউন্টে নীল টিক থাকবে। সরকারি প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ থাকবে ধূসর এবং বিভিন্ন কোম্পানির জন্য সোনালি টিক। তবে ভেরিফায়েড অ্যাকাউন্টের জন্য ফি প্রযোজ্য হবে কিনা, তা সে সময় নিশ্চিত করেননি টুইটার প্রধান।










