বিভিন্ন গ্রুপের কাছ থেকে সেমিকন্ডাক্টর ক্রয়ের প্রক্রিয়াটি একীভূত করার ঘোষণা দিয়েছে ইলেকট্রিক মোটর উৎপাদনকারী প্রতিষ্ঠান নিডেক করপোরেশন। খবর রয়টার্স।
একীভূত করার মাধ্যমে চিপ উৎপাদনকারীদের সঙ্গে সম্পর্ক জোরদারের পাশাপাশি বিদ্যমান সংকটের মধ্যে মূল উপাদানগুলোর সরবরাহ নিশ্চিতের লক্ষ্য নির্ধারণ করেছে। নিডেকের ডেপুটি চিফ টেকনোলজি অফিসার রুজি ওমুরা বলেন, চিপ শিল্পের বর্তমান পরিস্থিতি আগের যেকোনো সময়ের তুলনায় বেশি অনিশ্চয়তার মধ্যে রয়েছে। নিডেক মূলত বৈদ্যুতিক গাড়ির জন্য মোটর, গৃহস্থালি পণ্যসহ বিভিন্ন পণ্য তৈরি করে।
চিপের ঘাটতির কারণেই জাপানের প্রতিষ্ঠানটি তাদের চিপ কেনার কার্যক্রম একীভূত করার এ সিদ্ধান্ত নিয়েছে। সংকটের কারণে বিশ্বের গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বেশি প্রভাবিত হয়েছে। পাশাপাশি পণ্য ও ডিভাইস উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য প্রতিষ্ঠানগুলোকে আরো আক্রমণাত্মক উদ্যোগ গ্রহণে বাধ্য করছে।
বিশ্বজুড়ে চলমান চিপ সংকট ও কভিড-১৯ মহামারীজনিত কারণে বিশ্বের অন্যতম গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান টয়োটা মোটর করপোরেশন চলতি মাসে তাদের গাড়ি উৎপাদন এক লাখ ইউনিট কমিয়ে দিয়েছে। টয়োটার অন্যতম যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠান ডেনসো করপোরেশন ফেব্রুয়ারিতে জাপানে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি স্থাপিত একটি উৎপাদন কেন্দ্রের ১০ শতাংশ শেয়ার কিনে নেয়ার বিষয়ে সম্মতি জানায়। মূলত মাইক্রোকন্ট্রোলার চিপের সরবরাহ স্বাভাবিক রাখতেই এ উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি।










