ব্যবহারকারীদের হ্যান্ডসেটে থাকা গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে সাইবার অপরাধীদের চেষ্টা চলমান। আর তথ্য চুরিতে ডিভাইসের নিয়ন্ত্রণ সবচেয়ে জরুরি। এজন্য সহজ ও কার্যকর উপায় হলো— ডিভাইসের পাসওয়ার্ড জেনে নেয়া। সাম্প্রতিক সময়ে এ ধরনের বেশ কয়েকটি অপরাধের ঘটনা ঘটেছে, যার মধ্যে আইফোন ব্যবহারকারীরা প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। খবর টেকস্পট।
ওয়াল স্ট্রিট জার্নালে সম্প্রতি আইফোনের পাসওয়ার্ড চুরির বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, ক্যাশ অ্যাপ, আইডি চুরি, অ্যাপল পে ব্যবহারসহ বিভিন্ন মাধ্যমে অর্থ চুরির ঘটনাও ঘটেছে। ভুক্তভোগীরা জানিয়েছে, সাধারণত তারা যখন কোনো বারে বা সামাজিক কোনো অনুষ্ঠানে যোগ দিয়েছেন তখনই এ ধরনের ঘটনা ঘটেছে।
মূলত চক্রগুলো সংঘবদ্ধভাবে কাজ করে। প্রথমে ভুক্তভোগীকে চিহ্নিত করে আক্রমণকারীরা। এরপর তার সঙ্গে বন্ধুত্ব করে এবং তাদের ফোনে স্ন্যাপচ্যাটের মতো একটি অ্যাপ্লিকেশন খুলতে বলে। ভুক্তভোগী যখন পাসওয়ার্ড প্রবেশ করে তখন তারা পাসওয়ার্ডটি পর্যবেক্ষণ করার চেষ্টা করে এসব চক্র। কখনো কখনো অন্য একটি গ্রুপের সদস্য গোপনে ব্যবহারকারীর পাসওয়ার্ডটি ভিডিও করে রাখে। একবার কোড পেয়ে গেলে আইফোনটি চুরি হয়ে যায়। সব নিয়ন্ত্রণ চলে যায় চক্রটির হাতে।
ওয়াল স্ট্রিটের প্রতিবেদন অনুযায়ী, সব অপরাধই এভাবে ঘটে না। কিছু ভুক্তভোগীকে শারীরিকভাবে আক্রমণ করা হয়। তাদের ফোন এবং পাসওয়ার্ড দিতে বাধ্য করা হয়। এছাড়া এমন কিছু ঘটনাও ঘটেছে যেখানে ভুক্তভোগীকে মাদক দিয়ে ডিভাইসের তথ্য ও ডিভাইস উভয় চুরি করা হয়েছে।
কারো পাসওয়ার্ড জানার পর আইফোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পায় অপরাধীরা। এমনকি এটি টাচআইডি বা ফেসআইডি বাইপাস করতেও ব্যবহার করা যেতে পারে। অপরাধীরা কোডগুলো ব্যবহার করে কারো অ্যাপল আইডি পাসওয়ার্ড রিসেট করতে পারে। ভুক্তভোগীর অ্যাপল আইডির প্রবেশাধিকার ব্লক করে দিতে পারে। এছাড়া বন্ধ করতে পারে ফাইন্ড মাই আইফোন অপশনটি। ফলে ডিভাইসে থাকা তথ্য পুরোপুরি নিয়ন্ত্রণে চলে যায় অপরাধী চক্রের। এছাড়া অ্যাপল আইডির যোগাযোগ তথ্য পরিবর্তন করে রিকভারি কি বা কোড সেট করতে পারে এসব চক্র।
ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, অ্যাপলের নীতিমালা অনুযায়ী এভাবে রিকভারি কি বা কোড সক্রিয় করা হলে ব্যবহারকারী অ্যাপল আইডিতে পুনরায় অ্যাক্সেসের সুযোগ পাবে না।
প্রকাশিত প্রতিবেদনের প্রতিক্রিয়ায় কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি অ্যাপল জানায়, নিরাপত্তা গবেষকরা একমত হয়েছেন যে আইফোন সবচেয়ে নিরাপদ ভোক্তা মোবাইল ডিভাইস। এছাড়া প্রতিষ্ঠানটি নতুন ও উদীয়মান হুমকি থেকে ব্যবহারকারীদের রক্ষায় সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলেও জানিয়েছে।










