ফাইভজি প্রযুক্তির উন্নয়নে গ্রাহকদের অংশগ্রহণ নিশ্চিতে যুক্তরাষ্ট্রে নতুন ল্যাবরেটরি উদ্বোধনের ঘোষণা দিয়েছে টেক মাহিন্দ্রা। খবর আইএএনএস।

ওয়াশিংটনের বেলেভুতে অবস্থিত ইনোভেশন ল্যাবটি টেলিযোগাযোগ খাতে ফাইভজি ও অন্যান্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাহকদের ভবিষ্যৎ ব্যবসা সম্পর্কে ধারণা অর্জনে সহায়তা করবে। ল্যাবটি অংশীদারদের একটি ইকোসিস্টেমকে একত্র করবে এবং এন্টারপ্রাইজগুলোর জন্য এন্ড-টু-এন্ড সমাধান তৈরিতে সহায়তা করবে।

এক বিবৃতিতে টেক মাহিন্দ্রার নেটওয়ার্ক সার্ভিসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং কমিউনিকেশন, মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট ব্যবসার প্রেসিডেন্ট মানিশ ভাস বলেন, ডিজিটাল পরিবর্তন বর্তমানে বিশ্বের অন্যতম আদর্শে পরিণত হয়েছে। সেদিক থেকে ফাইভজি প্রযুক্তির বিভিন্ন সুবিধা, ব্যবহার এবং বাজার ব্যবস্থা বর্তমানের পাশাপাশি ভবিষ্যতের জন্য আমাদের কর্ম ও দৈনন্দিন জীবনযাপনে পরিবর্তন আনবে।

ভাস আরো বলেন, পশ্চিম উপকূল এবং বিশেষ করে বৃহত্তর সিয়াটল উদ্ভাবনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। পাশাপাশি নতুন করে চালু করা ফাইভজি ল্যাবটি এমন একটি বিনিয়োগ, যার মাধ্যমে এ অঞ্চলের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা গ্রাহকরা তাদের উদ্ভাবন যাত্রা অব্যাহত রাখতে পারবেন। ইনোভেশন ল্যাবটিতে সফটওয়্যার ও হার্ডওয়্যার ডেভেলপার, অপারেটর ও ক্লাউড পরিষেবা প্রদানকারীরা সম্মিলিতভাবে এমন কিছু সমাধান তৈরি করতে পারবেন, যেগুলো গ্রাহকদের ফাইভজি প্রযুক্তিসংবলিত অভিজ্ঞতায় নতুন যুগের সূচনা করবে।