আইপ্যাড উৎপাদনের অংশবিশেষ চীন থেকে ভিয়েতনামে সরাচ্ছে অ্যাপল। গত কয়েক মাসে সাংহাই লকডাউনের ফলে সরবরাহ চেইনে যে প্রভাব পড়েছে তা সামলাতে এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্টটি। নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বেশ কয়েকটি সূত্র বলছে, ভবিষ্যতে সরবরাহ সংকট ও পণ্য ঘাটতি মোকাবেলায় বেশ কয়েকটি যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠানকে মজুদ বাড়ানোর আহ্বান জানিয়েছে অ্যাপল।

ভিয়েতনামে আইপ্যাড উৎপাদন কার্যক্রম পরিচালনার জন্য সেখানে কারখানা স্থাপন করেছে চীনভিত্তিক কোম্পানি বিওয়াইডি। বিষয় সম্পর্কে অবগত সূত্রগুলো জানায়, শিগগিরই সেখানে জনপ্রিয় আইপ্যাড সিরিজ উৎপাদন শুরু করবে শীর্ষ এ চুক্তিভিত্তিক নির্মাতা কোম্পানিটি।

গত বছরের জানুয়ারিতে চীনের বাইরে আইপ্যাড নির্মাণের চিন্তা শুরু করেছিল অ্যাপল। কিন্তু তার মাসখানেক বাদে ভিয়েতনামে করোনা সংক্রমণ বৃদ্ধিতে সে পরিকল্পনা পিছিয়ে যায়।

এয়ারপড ইয়ারবাড সিরিজের পর ভিয়েতনামে উৎপাদন শুরু করা অ্যাপলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পণ্য হতে যাচ্ছে আইপ্যাড।

নতুন এ পদক্ষেপের ফলে সরবরাহ চেইনে অ্যাপলের বৈচিত্র্য আনার প্রয়াসই নয় বরং ভিয়েতনামের ক্রমবর্ধমান গুরুত্ব স্পষ্ট হয়ে উঠেছে। গত বছর ৫ কোটি ৮০ লাখ ইউনিট আইপ্যাড বিক্রি করেছে অ্যাপল। অন্যান্য অ্যাপল পণ্যের মতো সিংহভাগ আইপ্যাড উৎপাদনে নেতৃত্ব দেয় চীনা চুক্তিভিত্তিক নির্মাতা কোম্পানি।