যেকোনো সফটওয়্যার বা অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সেলফোন বা স্মার্ট ডিভাইসের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো বেশি ব্যাটারি ব্যয় করে। কেননা ব্যাকগ্রাউন্ডে অ্যাপগুলো চলতে থাকে, যা মেসেজ বা নোটিফিকেশন পেতে সহায়তা করে। তবে এবার ব্যবহারকারীদের এ বিড়ম্বনা থেকে মুক্তি দিতে স্মার্টফোনসহ অন্যান্য ডিভাইসের জন্য পাওয়ার সেভিং মোড আনতে যাচ্ছে টেলিগ্রাম। খবর টেকটাইমস।

নতুন পাওয়ার সেভিং মোডটি চালু হলে, ব্যবহারকারীরা অপ্রয়োজনীয় সব কার্যক্রম বন্ধ করে দেয়ার মাধ্যমে ডিভাইসের ব্যাটারি ব্যয় কমাতে পারবে। এর মধ্যে স্বয়ংক্রিয়ভাবে ক্লিপ ও জিআইএফ চালু হয়ে যাওয়ার মতো বিষয় রয়েছে। এ ফিচার ছাড়া মেসেজিং প্লাটফর্মটি ৯.৫ প্যাচ ভার্সনে আরো কিছু পরিবর্তন আনছে। 

স্বয়ংক্রিয়ভাবে ভিডিও চলার কারণে ব্যাকগ্রাউন্ডে ব্যাটারি খরচ হয়। তবে আশার কথা, টেলিগ্রামের নতুন আপডেটের পর ব্যবহারকারীদের আর এ সমস্যায় পড়তে হবে না। টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন ফিচারটি তাৎক্ষণিক ব্যাকগ্রাউন্ডে থাকা আপডেট, জিআইএফ, স্টিকার অ্যানিমেশন ও ভিডিও বন্ধ করে দেয়। বর্তমানে অ্যাপের সেটিংসে ফিচারটি রয়েছে। যেখানে যে কেউ ভিডিও অটোপ্লে ও আপডেট বন্ধ করে দেয়ার অপশন দেখতে পাবে। এছাড়া এটি পুরোপুরি বন্ধ করে দেয়ার অপশনও রয়েছে।