ইউরোপের স্মার্টফোন বাজার করোনার অভিঘাত থেকে ঘুরে দাঁড়ালেও চিপস্বল্পতা এখন প্রভাব ফেলছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ইউরোপে স্মার্টফোন বিক্রি গত বছরের একই প্রান্তিকের চেয়ে কমেছে ১ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকের তুলনায় তা কমেছে ৪ শতাংশ। অন্যদিকে একই প্রান্তিকে যুক্তরাষ্ট্রের স্মার্টফোন বাজার সম্প্রসারিত হয়েছে মাত্র ১ শতাংশ। উপকরণস্বল্পতায় যুক্তরাষ্ট্রে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সাশ্রয়ী ফোনগুলো।

কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রতিবেদনে দেখা গেছে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বিক্রি হয়েছে ৩৪ কোটি ২০ লাখ ইউনিট। দ্বিতীয় প্রান্তিকের চেয়ে ৬ শতাংশ বাড়লেও আগের বছরের চেয়ে কমেছে ৬ শতাংশ। তৃতীয় প্রান্তিকে স্যামসাংয়ের স্মার্টফোন বিক্রি হয়েছে ৬ কোটি ৯০ লাখ ইউনিট, যা আগের প্রান্তিকের চেয়ে বেড়েছে ২০ শতাংশ। অ্যাপলের স্মার্টফোন বিক্রি আগের বছরের চেয়ে ১৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৮০ লাখ ইউনিট। তৃতীয় স্থানে থাকা শাওমির স্মার্টফোন বিক্রি ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৪৪ লাখ ইউনিট।

ইউরোপে স্মার্টফোন বিক্রিতে শীর্ষস্থান স্যামসাংয়ের। দ্বিতীয় প্রান্তিকে বাজার শেয়ার কিছুটা কমলেও গ্যালাক্সি জি ফ্লিপ ৩-এর জনপ্রিয়তায় অবস্থান সুসংহত করেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক স্মার্টফোন জায়ান্টটি। কাউন্টারপয়েন্ট রিসার্চের সহকারী পরিচালক জ্যান স্ট্রাইজ্যাক বলেন, গত বছরে শাওমি, অ্যাপল ও অপোর বাজার শেয়ার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইউরোপের অধিকাংশ বাজারেই সম্প্রসারিত হয়েছে শাওমি। পশ্চিম ইউরোপে ভালো অবস্থান করেছে ওয়ানপ্লাসের সঙ্গে সম্প্রতি একীভূত হওয়া অপো। গত প্রান্তিকের শেষের দিকে আইফোন ১৩ উন্মোচনের মাধ্যমে অ্যাপলের স্মার্টফোন বিক্রি চাঙ্গা হয়েছে।

স্ট্রাইজ্যাক আরো জানান, ইউরোপে সবচেয়ে দ্রুত সম্প্রসারমাণ ব্র্যান্ড হচ্ছে রিয়েলমি। রাশিয়া, স্পেন ও ইতালিতে চাঙ্গা বিক্রির জেরে শীর্ষ পাঁচ ব্র্যান্ডে জায়গা করে নিয়েছে চীনা স্মার্টফোন নির্মাতা কোম্পানিটি। ভিভোও ধীরে ধীরে বাজার সম্প্রসারণ করে যাচ্ছে। এছাড়া প্রত্যাবর্তনের গল্প লিখছে নকিয়া ও মটোরোলা।

জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক শাওমি ও অ্যাপলের জন্য মিশ্র অনুভূতি নিয়ে এসেছে। কিছু গুরুত্বপূর্ণ উপকরণ সংকটে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে শাওমি। আইফোন ১৩ উন্মোচন অ্যাপলের জন্য সোনায় সোহাগা হিসেবে দেখা দিয়েছে। গত বছর উন্মোচিত হওয়া আইফোন ১২ থেকে অধিক বিক্রি হয়েছে সর্বশেষ আইফোনটি। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে চতুর্থ প্রান্তিকে ইউরোপে রেকর্ড স্মার্টফোন বিক্রি করতে পারে অ্যাপল।

এদিকে সেপ্টেম্বর প্রান্তিকে যুক্তরাষ্ট্রের স্মার্টফোন বাজার সম্প্রসারিত হয়েছে ১ শতাংশ। বৈশ্বিক উপকরণ সংকট সত্ত্বেও বাজারে পর্যাপ্ত স্মার্টফোন সরবরাহের মাধ্যমে মার্কিন স্মার্টফোন বাজারের পুনরুদ্ধারে ভূমিকা রেখেছে অ্যাপল, স্যামসাং ও মটোরোলার মতো কোম্পানি।

সার্বিক বাজার পরিস্থিতি নিয়ে কাউন্টারপয়েন্ট রিসার্চের গবেষণা পরিচালক জেফ ফিল্ডহ্যাক বলেন, ২০২১ সালজুড়েই যুক্তরাষ্ট্রের স্মার্টফোন বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। তৃতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের স্মার্টফোন বাজারে একচেটিয়া আধিপত্য ধরে রেখেছে অ্যাপল ও স্যামসাং। উভয় কোম্পানি সম্মিলিত বাজার শেয়ার ৭৭ শতাংশে দাঁড়িয়েছে। অ্যাপল ও স্যামসাংয়ের বছরওয়ারি প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ৯ ও ১৮ শতাংশ। চিপ ও উপকরণ স্বল্পতা সত্ত্বেও তৃতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের মোট স্মার্টফোন বিক্রির ১৭ শতাংশ ছিল আইফোন ১৩। ছুটির মৌসুমে আইফোনের এ চাঙ্গা বিক্রি অব্যাহত থাকবে বলে আশা করা যাচ্ছে।

ফোল্ডেবল ফোন বাজারে নিয়ে আসা এবং স্যামসাং এ৩২ ফাইভজি ফোন নিয়ে আসার মাধ্যমে স্যামসাংও নিজের অবস্থান সুসংহত করেছে। এলজির স্মার্টফোন সেগমেন্ট বন্ধ হওয়ায় বাজার শেয়ার বেড়েছে স্যামসাং ও মটোরোলার।

গবেষণা প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ রিসার্চ অ্যানালিস্ট মরিস ক্লেহনে বলেন, এলজির অনুপস্থিতে যুক্তরাষ্ট্রের বাজারে তৃতীয় বৃহত্তম কোম্পানি হিসেবে জায়গা করে নিয়েছে মটোরোলা। তাদের জনপ্রিয় স্মার্টফোনগুলোর মধ্যে রয়েছে মটো জি প্লে, মটো জি পাওয়ার এবং মটো জি স্টাইলাস ফাইভজি ফোন। নতুন করে করোনা সংক্রমণের কারণে ভিয়েতনামের অনেক কারখানা বন্ধ হওয়ায় অধিকাংশ স্মার্টফোন কোম্পানি সরবরাহ সংকটে পড়লেও মটোরোলার ওপর তেমন প্রভাব পড়েনি। কারণ চীনে বেশির ভাগ ডিভাইস নির্মাণ করে আসছে যুক্তরাষ্ট্রের ইলিনয়েস ভিত্তিক কোম্পানিটি। এ২০০ ফাইভজি ডিভাইসের হাত ধরে তৃতীয় প্রান্তিকে পঞ্চম বৃহত্তম স্মার্টফোন কোম্পানি ছিল ওয়ানপ্লাস।