অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়ালিটিভিত্তিক মেটাভার্সে যুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে বিশ্বের সর্ববৃহৎ খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট। সম্প্রতি প্রতিষ্ঠানটির কয়েকটি ট্রেডমার্ক আবেদন থেকে ধারণা করা হচ্ছে তারা নন-ফাঞ্জিবল টোকেন বা এনএফটি ও ক্রিপ্টোকারেন্সি নিয়েও কাজ করতে যাচ্ছে। খবর সিএনবিসি। 

বিদায়ী বছরের ৩০ ডিসেম্বর কয়েকটি ট্রেডমার্কের জন্য আবেদন করে রিটেইলার জায়ান্ট ওয়ালমার্ট। আবেদনগুলো স্পষ্ট ইঙ্গিত দেয় যে প্রতিষ্ঠানটি ইলেট্রনিকস, খেলনা, তৈজসপত্র, পোশাক, ঘর সাজানোর সরঞ্জাম ইত্যাদি ভার্চুয়াল পণ্য হিসেবে বিক্রির পরিকল্পনা করছে। ক্রেতারা এসব ভার্চুয়াল পণ্য কেনার ক্ষেত্রে ডিজিটাল কারেন্সি ব্যবহার করতে পারবেন এবং একই প্লাটফর্মে এনএফটি কেনাবেচার সুবিধা থাকবে বলেও উল্লেখ করা হয় আবেদনপত্রে।

এছাড়া অগমেন্টেড রিয়ালিটি (এআর) ও ভার্চুয়াল রিয়ালিটির (ভিআর) মাধ্যমে শারীরিক ফিটনেস এবং স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে বলে জানা যায় অন্য একটি আবেদনপত্র থেকে। এআর ও ভিআর ব্যবস্থায় নিজেদের নাম ও লোগো ব্যবহারের জন্য আলাদাভাবে আবেদনও করেছে প্রতিষ্ঠানটি।

ব্লুমবার্গের আরেক প্রতিবেদনে বলা হয়, ভার্স টু হোম, ভার্স টু কার্ব ও ভার্স টু স্টোর—এ তিনটি নামের ট্রেডমার্কের জন্য আবেদন করেছে ওয়ালমার্ট। নামগুলো থেকে বোঝা যাচ্ছে প্রতিষ্ঠানটি হয়তো ভার্চুয়াল শপিং প্রতিষ্ঠার দিকেই এগোচ্ছে। ইউএস পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসের ওয়েবসাইটে ‘ওয়ালমার্ট কানেক্ট’ লিখে সার্চ করলে ওয়ালমার্টের ট্রেডমার্কগুলো সম্পর্কে জানা যাবে।

এদিক প্রতিষ্ঠানটি ক্রিপ্টোকারেন্সি বিশেষজ্ঞ নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেয় গত বছরের আগস্টে। এর মাধ্যমেও মেটাভার্সে যুক্ত হওয়ার জন্য প্রতিষ্ঠানটির আগ্রহ স্পষ্ট বোঝা যায়।