কনটেন্ট নির্মাতাদের কাছে স্বচ্ছতার বিষয়টি পৌঁছে দেয়ার জন্য নতুন ফিচার চালু করেছে মেটা মালিকানাধীন ইনস্টাগ্রাম। মূলত কোনো ব্যবহারকারীর কনটেন্ট কেন সরানো হলো বা লুকানো হয়েছে সে বিষয়ে জানাতেই এ ফিচার। খবর টেকটাইমস।

বিভিন্ন কারণে ইনস্টাগ্রামে ব্যবহারকারীদের পোস্ট শ্যাডো ব্যান দেয়া হতো। শ্যাডো ব্যান হলো কোনো অ্যাকাউন্ট থেকে পোস্ট করা কোনো কনটেন্ট ব্যবহারকারীকে না জানিয়েই সরিয়ে ফেলা। এ বিষয়ে অন্যরাও জানতে পারত না। তবে ইনস্টাগ্রাম এ পদ্ধতিকে আনুষ্ঠানিকভাবে শ্যাডো ব্যান বলে আখ্যা দেয়নি।

প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, নতুন টুলটির মাধ্যমে অজান্তে প্লাটফর্মের কোনো নিয়ম ভাঙার কারণে পোস্ট শ্যাডো ব্যানের শিকার হয়েছে কিনা বা কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে কিনা তা ব্যবহারকারীরা জানতে পারবে।

টুলটি চালুর ঘোষণা দেয়ার সময় ইনস্টাগ্রামপ্রধান অ্যাডাম মোসেরি বলেন, প্লাটফর্মের স্বচ্ছতা নিশ্চিত করতে এ পদক্ষেপ নিয়েছে ইনস্টাগ্রাম। আপনি যদি এমন কিছু পোস্ট করেন, যা আমাদের নীতিমালা লঙ্ঘন করছে তখন আপনি এমন পরিস্থিতিতে পড়তে পারে। সে সময় অন্যদের কাছে আপনার কনটেন্ট পৌঁছবে না।