প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনা-সমালোচনার মধ্যে রয়েছে উইন্ডোজ ১১। মূলত ত্রুটির কারণে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে। এএমডি রাইজেন প্রসেসর ব্যবহারকারীরা বর্তমানে মারাত্মক সমস্যায় রয়েছেন। উইন্ডোজের ত্রুটির কারণে কম্পিউটার বন্ধ হয়ে যাওয়া থেকে শুরু করে গেম পারফরম্যান্স কমে যাওয়ার মতো ঘটনাও ঘটছে। খবর টেকরাডার।
ডিসেম্বরে উইন্ডোজ ১১-এর ২২এইচ২ কিউমুলেটিভ আপডেটের মাধ্যমে বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে। মাইক্রোসফটের ফিডব্যাক হাব ও রেডিটে ব্যবহারকারীরা বর্তমানে সমস্যার বিষয়ে জানাচ্ছে। রেডিটে একজন জানান, ২২এইচ২ আপডেট ইনস্টল করার পর এএমডি প্রসেসরযুক্ত কম্পিউটারগুলো কয়েক মিনিটের জন্য হ্যাং হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর আবার স্বাভাবিক হচ্ছে। প্যাচ আপডেট আনইনস্টল করার মাধ্যমে সমাধান পাওয়া গিয়েছিল। তবে একই ধরনের অন্যান্য যেসব কম্পিউটারে উইন্ডোজ ১১ ২১এইচ২ আপডেট ইনস্টল করা আছে, সেগুলোয় কোনো সমস্যা দেখা যায়নি। এএমডি রাইজেন ৯ ৫৯০০এক্স প্রসেসরযুক্ত কম্পিউটারের এক ব্যবহারকারী জানান, আপডেট ইনস্টলের পর কম্পিউটার ১০-২০ সেকেন্ডের মতো থেমে থাকে।










