ম্যাকবুকে ওয়ার্ডের সবচেয়ে জনপ্রিয় প্রেডিক্টিভ টাইপিং ফিচার যুক্তের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। খবর টেকরাডার।
এডিটর টেক্সট প্রেডিকশন টুল টাইপিংয়ের সময় পরবর্তী শব্দ শনাক্তের মাধ্যমে ব্যবহারকারীকে বিভিন্ন ওয়ার্ড ও বাক্যাংশ সাজেশন হিসেবে দেখায়। মূলত যাদের লেখার গতি তূলনামূলকভাবে কম, তাদের লেখনীকে গতিশীল করতে সহায়তা করে এ ফিচার। ফিচারটি ব্যবহারে অ্যাপলের গ্রাহকদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে। কেননা সেপ্টেম্বরের আগে এটি সবার জন্য উন্মুক্ত হবে না।
ফিচারটি আনুষ্ঠানিকভাবে চালুর পর অফিস ৩৬৫-এর ব্যবহারকারীরা স্ট্যাটাস বার থেকে টেক্সট প্রেডিকশন চালুর মাধ্যমে ফিচারটি চালু করে নিতে পারবেন। সাজেশন চালু করতে হলে কি-বোর্ডের ট্যাব ও ডান পাশ নির্দেশক অ্যারো বাটন একসঙ্গে চাপতে হবে এবং টাইপিং অব্যাহত রাখতে হবে। সাজেশন দেখতে না চাইলে টাইপিং চালিয়ে যেতে হবে অথবা ইএসসি বা এসকেপ বাটন চাপতে হবে।
ম্যাকের ওয়ার্ড ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার যুক্ত করলেও অফিস সফটওয়্যার স্যুট থেকে বেশকিছু ফিচার কমিয়ে দিচ্ছে মাইক্রোসফট। সম্প্রতি এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায়, ২০২৩ সালের জুন থেকে স্প্রেডশিট সফটওয়্যার থেকে মানি ইন এক্সেল সরিয়ে দেয়া হবে। টুলটির মাধ্যমে ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে তাদের ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ডসহ সব প্রকার আর্থিক লেনদেনসংক্রান্ত তথ্য স্প্রেডশিটে যুক্ত করতে পারত।










