বাতাসের গুণগত মান দেখানোর নতুন ফিচার চালু করেছে গুগল ম্যাপস। এর মাধ্যমে নির্দিষ্ট অঞ্চলের জলবায়ু সম্পর্কে পরিষ্কার তথ্য পাওয়া যাবে। বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রের অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য এটি চালু করা হয়েছে। খবর গ্যাজেটস নাউ।

৯টু৫গুগলের তথ্যানুযায়ী, এ ফিচারের মাধ্যমে এলাকার আবহাওয়া সম্পর্কে জানতে পারবে। বিশেষ করে নির্দিষ্ট অঞ্চলটি ধোঁয়াটে কিনা, কুয়াশা রয়েছে কিনা কিংবা আগামী ২৪ ঘণ্টায় বড় ধরনের কোনো পরিবর্তন আসবে কিনা, সে সম্পর্কে জানা যাবে।

ফিচারটির আওতায় ব্যবহারকারীরা ম্যাপসে এয়ার কোয়ালিটি ইনডেক্স, বাইরের কার্যক্রম পরিচালনায় নির্দেশনা পাওয়ার পাশাপাশি সর্বশেষ কখন তথ্যগুলো হালনাগাদ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত দেখতে পারবেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পরিবেশ রক্ষা সংস্থাসহ (ইপিএ) বিশ্বস্ত সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে এসব তথ্য গুগল ম্যাপে দেখানো হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

পারপল এয়ারের কাছ থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এয়ার কোয়ালিটি বা বাতাসের গুণগত মান সম্পর্কিত তথ্য দেখিয়ে থাকে গুগল ম্যাপস। এটি খুবই সাশ্রয়ী মূল্যের একটি সেন্সর নেটওয়ার্ক, যা যেকোনো অঞ্চলের হাইপারলোকাল ভিউ দেখিয়ে থাকে। ম্যাপে এয়ার কোয়ালিটি লেয়ারটি যুক্ত করতে হলে ব্যবহারকারীদের ফোন স্ক্রিনের ওপর ডান কর্নারে থাকা বাটন ক্লিক করার মাধ্যমে এয়ার কোয়ালিটি আন্ডার ম্যাপ ডিটেইলস নির্বাচন করতে হবে।

এয়ার কোয়ালিটির পাশাপাশি যুক্তরাষ্ট্রের অধিবাসীদের জন্য গুগল ম্যাপসের ওয়াইল্ডফায়ার লেয়ারও যুক্ত করা হয়েছে।