ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানে র্যানসমওয়্যার হামলার ঘটনা ঘটেছে। হামলায় যুক্তরাজ্যের কর্মীদের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে বলে প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে। খবর এনগ্যাজেট।
হামলার পর প্রথম পর্যায়ে কম ক্ষতির ধারণা করা হয়েছিল। কিন্তু গার্ডিয়ান গ্রুপের প্রধান আনা বেটসন ও সংবাদপত্রটির এডিটর ইন চিফ ক্যাথেরিন ভাইনার বলেন, ডিসেম্বরে যে হামলা হয়েছে তা খুবই জটিল। তবে এখন পর্যন্ত চুরি যাওয়া তথ্য অনলাইনে প্রকাশ হওয়ার মতো কোনো খবর পাওয়া যায়নি। এমনকি হ্যাকাররা যুক্তরাজ্যের বাইরে পাঠকদের তথ্য হাতিয়ে নিয়েছে কিনা তাও জানা যায়নি। বেটসন ও ভাইনার বুঝতে পেরেছেন, এটি হ্যাকারদের একটি র্যানসমওয়্যার ক্যাম্পেইন এবং দ্য গার্ডিয়ানকে গণমাধ্যম হিসেবে গণ্য করে হামলা চালানো হয়নি। হামলার বিষয়ে পুলিশ ও যুক্তরাজ্যের তথ্য কমিশনারের অফিসকে অবহিত করেছে সংবাদপত্রটি।










