পুরনো দিনের কারখানা নিয়ে কোনো মতে অস্তিত্ব টিকিয়ে রাখা অনেক চিপ নির্মাতার জন্য যেন সুদিন ফিরেছে। মহামারীর কারণে বিশ্বব্যাপী সরবরাহ চেইনে যে সংকট দেখা দিয়েছে, তাতে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছে এ কোম্পানিগুলো। এমনই একটি কোম্পানি হচ্ছে মাইক্রোচিপ টেকনোলজি।

১৯৮৯ সালে যাত্রা করা মাইক্রোচিপ টেকনোলজি শুরু থেকেই পেছনের সারির কোম্পানি ছিল। তারা চিপকে মাইক্রোকন্ট্রোলার নাম দিয়েছিল। এটা গাড়ি, শিল্প উপকরণ ও অন্যান্য পণ্যে কম্পিউটিং পাওয়ার দেয়ার কাজ করছিল। তিন দশক ধরে পেছনের সারিতে থাকা এ কোম্পানির ব্যবসা এখন বেশ চাঙ্গা। বৈশ্বিক চিপ স্বল্পতা তাদের জন্য শাপে বর হয়ে দাঁড়িয়েছে। নিজেদের সরবরাহ সক্ষমতার চেয়েও মাইক্রোচিপ টেকনোলজির পণ্যের চাহিদা ৫০ শতাংশ বেড়েছে। বছরের পর বছর ধরে কোনো মতে অস্তিত্ব টিকিয়ে রাখা এ কোম্পানি চলতি বছরের শুরু থেকে বেশ ক্ষমতা অনুভব করছে।

আগে যেখানে ডেলিভারির ৯০ দিনের মধ্যে ক্রয়াদেশ বাতিলের সুযোগ দিত, এখন মাইক্রোচিপ সেখানে ওই গ্রাহকদের অগ্রাধিকার দিচ্ছে যারা ১২ মাসের চুক্তি স্বাক্ষর করছে। এতে কোম্পানিটি বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। চিপ সংকট প্রশমিত হলেও তাদের আর ক্রয়াদেশ হারানোর ভয় থাকছে না। অধিক আত্মবিশ্বাসী হয়ে প্রতিষ্ঠানটি উৎপাদন বাড়াতে তাই নতুন কর্মী নিয়োগ দিচ্ছে এবং ব্যয়বহুল যন্ত্রাংশ ক্রয় করছে। সম্প্রতি মাইক্রোচিপের প্রেসিডেন্ট ও সিইও গণেশ মুর্থি জানান, চাহিদা বৃদ্ধিতে আমাদের আর বসে থাকতে হচ্ছে না। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির মুনাফা তিন গুণ বেড়েছে এবং বিক্রি ২৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬৫ কোটি ডলার।

মাইক্রোচিপ টেকনোলজির উদাহরণ অনেকগুলোর মধ্যে মাত্র একটি। সিলিকন স্বল্পতায় বড় আকারের পরিবর্তনের সামনে দাঁড়িয়েছে ৫০ হাজার কোটি ডলারের চিপ শিল্প। মহামারী-উত্তর বিশ্বের এ পরিবর্তনের অনেকগুলো স্থায়ী হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। বৃহৎ পরিবর্তনের একটি হচ্ছে বাজারের নিয়ন্ত্রণ চিপ ক্রেতাদের থেকে বিক্রেতাদের হাতে চলে যাওয়া। বিশেষ করে যেসব কোম্পানির নিজস্ব সেমিকন্ডাক্টর নির্মাণ কারখানা রয়েছে। লক্ষণীয় সবচেয়ে বড় সুবিধাভোগী হচ্ছে বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা কোম্পানি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। চিপ নির্মাণে গুরুত্বপূর্ণ ফাউন্ড্রি সেবায় একচেটিয়া আধিপত্য টিএসএমসির। অন্য কোম্পানিগুলোকেও চিপ নির্মাণের জন্য তাইওয়ানভিত্তিক কোম্পানিটির ওপর নির্ভর করতে হচ্ছে।

তবে টিএসএমসি, ইন্টেল ও স্যামসাংয়ের মতো বৃহৎ চিপ নির্মাতার পাশাপাশি অল্প পরিচিত কিছু কোম্পানিও বর্তমানে সুবিধাজনক অবস্থানে রয়েছে। মাইক্রোচিপের পাশাপাশি এ রকম অন্যান্য কোম্পানি হচ্ছে এনএক্সপি সেমিকন্ডাক্টরস, এসটিমাইক্রোইলেকট্রনিকস, অনসেমি এবং ইনফিনেওন। পুরনো কারখানায় চিপ নির্মাণ চালিয়ে যাওয়া কোম্পানিগুলো এখন নিজেরাই ঠিক করছে কোন গ্রাহক কতগুলো চিপ পাবে। দুষ্প্রাপ্যতার এ সুযোগে তারা প্রথমবারের মতো ক্রেতাদের বিপরীতে নিরাপদ অবস্থানে রয়েছে। যারা অংশীদার হচ্ছে এবং দীর্ঘমেয়াদি চুক্তি করছে এমন গ্রাহকদের তারা অগ্রাধিকার দিচ্ছে। সর্বোপরি তারা এখন গ্রাহকদের কাছে আগাম তথ্য চাচ্ছে কোন ধরনের চিপ তাদের দরকার। এতে কোন ধরনের চিপ নির্মাণ বাড়াতে হবে এ সিদ্ধান্ত নেয়া তাদের জন্য সহজতর হয়েছে। অনসেমির সিইও হাসান আল-খাওরি বলছেন, এমন দৃশ্যমানতাই আমরা চাচ্ছিলাম।

অনেক চিপ নির্মাতা কোম্পানি নতুন করে পাওয়া এ ক্ষমতার নিয়ন্ত্রিত ব্যবহার করছেন। গ্রাহকরা যেন আকস্মিক কারখানা বন্ধ করা কিংবা মূল্যবৃদ্ধির মতো সমস্যায় না পড়ে এ ব্যাপারে সতর্ক থাকছেন তারা। কারণ এ সংকটকালে যদি গ্রাহকদের সমস্যা উপহার দেয়া হয় তাহলে সংকট কেটে গেলে গ্রাহকরা তার পাল্টা জবাব দিতে পারে।

ছোট চিপ নির্মাতা কোম্পানিগুলোর এ আন্তরিকতা সত্ত্বেও ক্রেতারা যে কিছুটা বিপাকে আছে এমনটা জানাচ্ছে অনেকেই। মেমোরি চিপের প্রধান গ্রাহকদের একটি স্মার্ট গ্লোবাল হোল্ডিংসের সিইও মার্ক অ্যাডামস জানান, আমরা এখন বিশেষ কোনো সুবিধা পাচ্ছি না।

বাজারে আরেকটি পরিবর্তনের দিক হচ্ছে, বৃহৎ চিপ ব্যবহারকারী যেমন গাড়ি কোম্পানিগুলো এখন সরাসরি ম্যানুফ্যাকচারারদের কাছ থেকে চিপ কিনছে। এর আগে সাধারণত সাবকন্ট্রাক্টরদের কাছ থেকে সংগ্রহ করত তারা। গত মাসে চিপ নির্মাতা ওলফস্পিডের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছিয়েছে মার্কিন গাড়ি নির্মাতা জায়ান্ট জেনারেল মোটরস (জিএম)।

—দ্য নিউইয়র্ক টাইমস অবলম্বনে