টুইচের মাধ্যমে লাইভস্ট্রিমিং বা ওয়েবিনারকে সহজ করল জুম। সম্প্রতি জুমের পক্ষ থেকে এক ঘোষণায় বলা হয়, অ্যাপটিতে স্ট্রিমিং সার্ভিস যোগ করে কাজটি সহজ করে আনা হয়েছে। এখন থেকে জুম ও টুইচ অ্যাকাউন্টে যুক্ত হয়ে মাত্র কয়েকটা ক্লিকের মাধ্যমেই শুরু করা যাবে ব্রডকাস্টিং। খবর দ্য ভার্জ।
জুমের পক্ষ থেকে জানানো হয়, এ ফিচার চালু করার মানে হলো, কমিউনিটিগুলোর মাঝে কনটেন্ট শেয়ার করার একটি প্রক্রিয়াকে প্রতিষ্ঠিত করা। এর মাধ্যমে আশা করা যায়, প্রতিষ্ঠানগুলোর ওয়েবিনারকে সহজ করা যাবে। যারা লাইভ পডকাস্ট, ধর্মালোচনা, টাউন হল মিটিং করতে আগ্রহী, তাদের জন্য একটি সহজ মাধ্যম হবে এটি।
উল্লেখ্য, ফেসবুক ও ইউটিউবে সহজে স্ট্রিমিং সুবিধা রেখেছিল জুম। এছাড়া স্ট্রিমিং ইউআরএল ও কি শেয়ারের মাধ্যমে টুইচেও জুমের লাইভ ভিডিও শেয়ার করা যেত। তবে তা সাধারণের জন্য বেশ জটিল প্রক্রিয়া ছিল। এখন শুধু সার্ভিসটিতে লগইন করে লাইভ অন টুইচ বাটনে ক্লিক করলেই শুরু হয়ে যাবে স্ট্রিমিং।









