প্লাটফর্মের নীতিমালা লঙ্ঘনের কারণে এবং ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিতে হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত অ্যাকাউন্ট ব্যানসহ অন্যান্য পদক্ষেপ নিচ্ছে। প্রতিনিয়ত নিষেধাজ্ঞার কবলে পড়া অ্যাকাউন্টের সংখ্যা বাড়ছে। শুধু অক্টোবরেই মেটা মালিকানাধীন প্লাটফর্মটি ২৩ লাখের বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

২৩ লাখের মধ্যে ৮ লাখ ১১ হাজার অ্যাকাউন্ট সক্রিয়ভাবে ব্যান করা হয়েছে। বাকিগুলো ব্যান করা হয়েছে অন্যান্য ব্যবহারকারীর অভিযোগের ভিত্তিতে।

অক্টোবরের একটি প্রতিবেদনে গ্রাহক সুরক্ষা রিপোর্টে মোট কত অভিযোগ জমা পড়েছে এবং তার ভিত্তিতে কী ব্যবস্থা নেয়া হয়েছে তা বিস্তারিত জানিয়েছে হোয়াটসঅ্যাপ। যারা অযাচিত মেসেজ করে অন্যদের বিরক্ত করে, হোয়াটসঅ্যাপের নিয়মের বাইরে কোনো কাজ করে, ভুয়া খবর ছড়ায় মূলত হোয়াটসঅ্যাপ থেকে সেসব অ্যাকাউন্টই বন্ধ করে দেয়া হয়। তবে শুধু গ্রাহকের অভিযোগের ওপর নির্ভর করে নয়, বিভিন্ন টুল ও রিসোর্স ব্যবহার করে বহু অ্যাকাউন্ট নিষিদ্ধ হয়েছে। সম্প্রতি হোয়াটসঅ্যাপ থেকে গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার খবর সামনে এসেছে। চুরি হয়েছে প্রায় ৫০ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ফোন নম্বর। মোট ৮৪টি দেশের ফোন নম্বর রয়েছে এর মধ্যে।