মোবাইল ফোনে ডাটা (ইন্টারনেট) না থাকলেও এখন থেকে ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করা যাবে। আজ মঙ্গলবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থায় (বিটিআরসি) ‘শুধু টেক্সটের মাধ্যমে যোগাযোগের জন্য ফেসবুক মেসেঞ্জার ও ডিসকভার অ্যাপ’ সেবা উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান প্রমুখ।
নতুন এ সেবার মাধ্যমে গ্রাহকরা তাদের ইন্টারনেট শেষ হয়ে গেলেও পরবর্তী ব্যালেন্স টপ আপ করার আগ পর্যন্ত ফেসবুক ও মেসেঞ্জারের টেক্সট-ওনলি সংস্করণে কানেক্টেড থাকতে পারবেন। পাশাপাশি, ডিসকভারের মাধ্যমে লো-ব্যান্ডউইথ ফিচার যেমন- ফ্রি ডেটা দিয়ে বার্তা ও আইকন দেখতে পারবেন। এর মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও চাকরি সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়ের সঙ্গে সবসময় যুক্ত থাকতে পারবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফা জব্বার বলেন, ইন্টারনেট ছাড়া ফেসবুক ব্যবহার একটি অসাধারণ উদ্যোগ। প্রান্তিক জনগণের তথ্য আদান প্রদান এবং কানেকটিভিটি নিশ্চিত করে ডিজিটাল ডিভাইড কমাতে এটি সহায়তা করবে।
নতুন এ সেবা নিশ্চিত করতে মেটা’র সঙ্গে পার্টনারশিপে টেক্সট-ওনলি ফেসবুক ও ডিসকভার চালু করেছে গ্রামীণফোন। এ ব্যাপারে সংস্থাটির প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ডিজিটাল প্রযুক্তি যথাযথ ব্যবহারের লক্ষ্যে বিশ্বের অন্যতম বড় ফেসবুক ইউজার বেসের প্রয়োজনীয়তা পূরণে এবং একইসঙ্গে গুরুত্বপূর্ণ তথ্যের সহজলভ্যতা নিশ্চিত করাতেই মেটা ও নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) সঙ্গে যৌথ উদ্যোগে নতুন এ সেবা উন্মোচন করা হয়েছে।
বাংলাদেশের মানুষের জন্য আরো উন্নত কানেক্টিভিটি এবং অ্যাক্সেস নিশ্চিত করার লক্ষ্যে এই প্রোগ্রামগুলোতে অবদান রাখতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন মেটা’র এশিয়া প্যাসিফিক অঞ্চলের ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেটর পার্টনারশিপের ডিরেক্টর পল কিম।










