রাশিয়া ও বেলারুশে সব ধরনের অত্যাধুনিক চিপ রফতানি নিষিদ্ধ করেছে তাইওয়ান। ইউক্রেনে রুশ সেনাদের অব্যাহত আগ্রাসনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় দ্বীপরাষ্ট্রটির সরকার। খবর গিজমোচায়না।
সম্প্রতি রাশিয়া ও বেলারুশে নিষিদ্ধ এমন বেশ কয়েকটি হাইটেক পণ্যের তালিকা করেছে দ্য তাইওয়ানিজ মিনিস্ট্রি অব ইকোনমিক অ্যাফেয়ার্স (এমওইএ)। পশ্চিমা নিষেধাজ্ঞা অবজ্ঞা করে বেলারুশ রাশিয়ার কাছে হাইটেক পণ্য সরবরাহ করতে পারে—এ আশঙ্কায় ইউক্রেন আগ্রাসনে সরাসরি যুক্ত না হওয়া সত্ত্বেও বেলারুশে রফতানি নিষিদ্ধ করে তাইওয়ান। এতে রাশিয়া ও বেলারুশের কোনো কোম্পানি তাইওয়ান থেকে মাইক্রোপ্রসেসর বা মাইক্রোসার্কিটের মতো সেমিকন্ডাক্টর পণ্য ক্রয় করতে পারবে না। মোদ্দাকথা, তাইওয়ানে
উৎপাদিত অগ্রসর প্রযুক্তির কোনো পণ্যই কিনতে পারবে না রাশিয়া ও বেলারুশ।
অত্যাধুনিক চিপসেট ছাড়াও চিপ উৎপাদনে প্রয়োজনীয় যন্ত্রপাতিও নিষেধাজ্ঞার আওতায় থাকবে। এর আওতায় রয়েছে ওয়েফার তৈরির অ্যালাইনমেন্ট ও এক্সপোজার ইকুইপমেন্ট, স্ক্যানার
ও স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ।










