বিশ্বের অন্যতম চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরেব্রাস সিস্টেমসের সঙ্গে সম্মিলিতভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তিশালী সুপারকম্পিউটার তৈরির ঘোষণা দিয়েছে হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজ (এইচপিই)। খবর টেকরাডার।
এইচপিই সুপারডোম ফ্লেস্ক সার্ভার ও সেরেব্রাস সিএস-২ অ্যাক্সিলারেটরের সমন্বয়ে নতুন এ সিস্টেম তৈরি করা হবে। এ দুটি বিশাল আকারের ওয়াফার স্কেল ইঞ্জিন ২ (ডব্লিউএসই-২) প্রসেসরের মাধ্যমে পরিচালিত হয়।
চলতি গ্রীষ্মের শেষে বাভারিয়ার লেইবনিজ সুপারকম্পিউটার সেন্টারে (এলআরজি) নামবিহীন এ সুপারকম্পিউটার চালু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ডিভাইসটি গবেষকদের তাদের চলমান প্রকল্পগুলোর গতি বাড়াতে বিভিন্ন তথ্য-উপাত্ত দিয়ে সহায়তা করবে। যেখানে মেডিকেল ইমেজিং থেকে শুরু করে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংও থাকবে।
গত বছরের এপ্রিলে ওয়াফার স্কেল ২ ইঞ্জিনটি সেরেব্রাসের মাধ্যমে বাজারে আসে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণ ও ইন্টারফেসের কাজ পরিচালনায় এটি তৈরি করা হয়েছে। চিপটিতে ২ লাখ ৬০ হাজার কোটি ট্রানজিস্টর এবং ৮ লাখ ৫০ হাজার কৃত্রিম বুদ্ধিমত্তা কোর রয়েছে। যা শতাধিকের বেশি গ্রাফিকস প্রসেসিং ইউনিটের সমান কৃত্রিম বুদ্ধিমত্তা পারফরম্যান্স প্রদানে সক্ষম।
ওয়াফার আকারের চিপটিতে ৪০ গিগাবাইট অন চিপ মেমোরি ও প্রতি সেকেন্ডে ২০ পেটাবাইট মেমোরি ব্যান্ডউইডথ রয়েছে। যা বিভিন্ন প্যারামিটারের বড় কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলকে চিপে একই সময়ে অবস্থানের সুযোগ দেয় এবং কম্পিউটিংয়ের সক্ষমতা বাড়িয়ে দেয়। জার্মানিতে নতুন এ সিস্টেম চালু করা হলে ইউরোপের কোনো সুপারকম্পিউটারে ডব্লিউএসই-২ চিপের প্রথম ব্যবহার হবে।










