মোবাইল ফোনে ইন্টারনেট ডাটা না থাকলেও এখন থেকে ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করা যাবে। গতকাল টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থায় (বিটিআরসি) ‘শুধু টেক্সটের মাধ্যমে যোগাযোগের জন্য ফেসবুক মেসেঞ্জার ও ডিসকভার অ্যাপ’ সেবা উদ্বোধনকালে এ ঘোষণা দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান প্রমুখ।
নতুন এ সেবার মাধ্যমে গ্রাহকরা তাদের ইন্টারনেট শেষ হয়ে গেলেও পরবর্তী ব্যালান্স টপ আপ করার আগ পর্যন্ত ফেসবুক ও মেসেঞ্জারের টেক্সট-ওনলি সংস্করণে কানেক্টেড থাকতে পারবেন। পাশাপাশি ডিসকভারের মাধ্যমে লো-ব্যান্ডউইডথ ফিচার যেমন—ফ্রি ডাটা দিয়ে বার্তা ও আইকন দেখতে পারবেন। এর মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও চাকরিসংক্রান্ত প্রয়োজনীয় বিষয়ের সঙ্গে সবসময় যুক্ত থাকতে পারবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফা জব্বার বলেন, ইন্টারনেট ছাড়া ফেসবুক ব্যবহার একটি অসাধারণ উদ্যোগ। প্রান্তিক জনগণের তথ্য আদান-প্রদান এবং কানেক্টিভিটি নিশ্চিত করে ডিজিটাল ডিভাইড কমাতে এটি সহায়তা করবে। নতুন এ সেবা নিশ্চিত করতে মেটার সঙ্গে পার্টনারশিপে টেক্সট-ওনলি ফেসবুক ও ডিসকভার চালু করেছে গ্রামীণফোন। এ ব্যাপারে সংস্থাটির প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ডিজিটাল প্রযুক্তি যথাযথ ব্যবহারের লক্ষ্যে বিশ্বের অন্যতম বড় ফেসবুক ইউজার বেসের প্রয়োজনীয়তা পূরণে এবং একই সঙ্গে গুরুত্বপূর্ণ তথ্যের সহজলভ্যতা নিশ্চিত করাতেই মেটা ও নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) সঙ্গে যৌথ উদ্যোগে নতুন এ সেবা উন্মোচন করা হয়েছে।










