প্রায় দশ বছর পর অর্গানিক লাইট-ইমিটিং ডায়োড (ওএলইডি) টিভির বাজারে ফিরল স্যামসাং ইলেকট্রনিকস। ফলে বাজারের ৬০ শতাংশ দখলে রাখা এলজি ইলেকট্রনিকসের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠানটিকে। দেশের অভ্যন্তরে সম্প্রতি এর আগাম ক্রয়াদেশ নেয়া শুরু হয়েছে। আগামী ৯ মার্চ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে নতুন প্রযুক্তির এ টিভি। খবর কোরিয়া হেরাল্ড।
গত বছরের মার্চে কোম্পানিটি ৫৫ ইঞ্চি ও ৫৬ ইঞ্চি ওএলইডি টিভি উন্মুক্ত করে। সরবরাহ করে লাতিন আমেরিকা, ওশেনিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে। তবে ডিসপ্লে প্রস্তুতির সীমাবদ্ধতার কারণে দেশীয় বাজারে সরবরাহ বন্ধ ছিল। সে অবস্থার পরিবর্তন ঘটতে যাচ্ছে শিগগিরই। কোরিয়ায় গ্রাহকদের চাহিদার ভিত্তিতে ৭৭ ইঞ্চি ডিসপ্লের টিভি উন্মোচন করতে যাচ্ছে কোম্পানিটি। এর আগে ২০১৩ সালে স্যামসাং ওএলইডি টিভি প্রস্তুতির পদক্ষেপ নিয়েও সরে আসে। তখন সরে আসার প্রধান কারণ ছিল উচ্চমূল্য ও উৎপাদন হারে নিম্ন সূচকের সম্ভাবনা।










