চলতি বছরের শুরুতে এক ঘোষণায় এইচটিসি জানিয়েছিল, তারা শিগগিরই একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনবে। পরবর্তী সময়ে তা এপ্রিলে নিয়ে আসার ইঙ্গিত দেয়। কিন্তু ফোন অ্যারেনার সর্বশেষ এক প্রতিবেদনে বলা হয়, চীনসহ বিভিন্ন দেশে গত দুই মাসের করোনা প্রাদুর্ভাবের কারণে তা পেছানো হচ্ছে। বিলম্বিত হলেও স্মার্টফোনটি বাজারে আনার ব্যাপারে দৃঢ়প্রত্যয়ী একসময়ের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা কোম্পানিটি। খবর গিজমোচায়না।

এইচটিসি ফ্ল্যাগশিপ ফোনটির বিস্তারিত ফিচার জানা না গেলেও গুঞ্জন রয়েছে যে এটি মেটাভার্সভিত্তিক হতে পারে। যেসব গ্রাহক ভিআর ও এআর হেডসেট অ্যাপ ব্যবহার করবেন, ফোনটি তাদের আকৃষ্ট করবে বলে আশা করছে এইচটিসি। 

দীর্ঘদিন ধরেই ফ্ল্যাগশিপ সেগমেন্টে অনুপস্থিত এইচটিসি। সম্প্রতি তাইওয়ান ও ভারতের মতো বাজারে ওয়াইল্ডফায়ার ব্র্যান্ডের স্মার্টফোন এনেছে তারা। আসন্ন ফ্ল্যাগশিপ ফোনটি বাজারে উন্মুক্ত হবে নাকি বাছাইকৃত বাজারে পাওয়া যাবে, বিষয়টি স্পষ্ট নয়।