ব্যবহারকারীরা যেন অধিক সময় প্লাটফর্মে কাটান, সেজন্য নতুন ভার্চুয়াল ইভেন্টস প্লাটফর্ম চালু করেছে লিংকডইন। এর মাধ্যমে পেশাজীবীদের এ সোস্যাল নেটওয়ার্কটিতে কনটেন্ট ক্রিয়েটররা বিভিন্ন অডিও-ভিডিও প্রোগ্রাম আয়োজন করতে পারবেন। বলা যায় জুম, মাইক্রোসফট টিমস, গুগল মিটের ভিডিও কিংবা ক্লাবহাউজের অডিও ফিচারের মতো করে এ ফিচার আনছে লিংকডডইন। খবর টেক রাডার।
ধারণা করা হচ্ছে, চলতি মাসেই লিংকডইন একটি ইভেন্টের আয়োজন করবে, যেখানে ব্যবহারকারীরা লাইভ ইন্টারেক্টিভ, ভার্চুয়াল লাইভ ইভেন্ট তালিকাসহ বিভিন্ন বিষয়ের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে পারবেন। অডিও ভার্সনের পরই ভিডিও ভার্সনটি আসতে চলেছে বলে আশা করা যায়। করোনার প্রভাবে হোম অফিস নির্ভরতা বৃদ্ধিতে জুম, গুগল মিট, মাইক্রোসফট টিমের মতো ভিডিও যোগাযোগের অ্যাপগুলোর চাহিদা বেড়েছে। সেদিকে তাকিয়ে নিজস্ব ভার্চুয়াল ইভেন্টস প্লাটফর্ম চালু করল লিংকডইন। চলতি মাসেই বেটা পর্যায়ের অডিওনির্ভর সেবা চালু করতে যাচ্ছে মাইক্রোসফট মালিকানাধীন সোস্যাল নেটওয়ার্কটি।
মহামারীপূর্ব ও চলাকালীন লিংকডইন শক্তিশালী ভূমিকা রাখছে। বর্তমানে ৮০ কোটি ব্যবহারকারী রয়েছে লিংকডইনের। তারা লিংকডইনে পেশাগত প্রোফাইল তালিকাভুক্ত করে তাদের ক্যারিয়ার গড়ার জন্য। তাদের কথা ভেবেই নতুন এ ফিচার যুক্ত করল লিংকডইন, যাতে ব্যবহারকারীরা আরো সহজে নিজেদের ক্যারিয়ারে এগোতে পারেন এবং প্রতিষ্ঠানগুলোও দক্ষ কর্মী নিতে পারে।










