২০২২ সালে অনুষ্ঠেয় কনজিউমার ইলেকট্রনিকস শোর জন্য সলিড স্ট্রেট ড্রাইভ (এসএসডি) স্টোরেজসংবলিত গেমিং মাউস প্রদর্শন করতে যাচ্ছে গেমিং অ্যাকসেসরিজ প্রতিষ্ঠান এক্সপিজি। খবর এনগ্যাজেট।
ডিজিটাল ট্রেন্ড প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, মাউসটিতে দ্রুতগতির স্টোরেজ যুক্ত করবে প্রতিষ্ঠানটি। দি এক্সপিটি ভল্ট গেমিং মাউস মূলত একটি তারযুক্ত ইউএসবি-সি টাইপ ডিভাইস। প্রতিষ্ঠানটি একে হাতের তালুতে থাকা গেমিং লাইব্রেরি আখ্যা দিয়েছে।
প্রটোটাইপ মডেলের মাউসটি প্রতি সেকেন্ডে ৯৮৫ মেগাবাইট রাইটিং স্পিডসহ ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ সুবিধা প্রদানে সক্ষম। এক্সপিজির গেমিং সফটওয়্যারের মাধ্যমে স্টোরেজ নিয়ন্ত্রণ করা যাবে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, এ ফিচার ব্যবহারকারীদের গেমিং লাইব্রেরিগুলোকে সহজে বহন করার সুবিধা প্রদানের পাশাপাশি এক্সপিজির প্রাইম সফটওয়্যার ইকোসিস্টেমের সঙ্গে উচ্চস্তরের গেমিং ইন্টিগ্রেশন সুবিধা দেবে।
দেখতে সাধারণ মাউসের মতো মনে হলেও এমন গতি পরিচালনায় শক্তিশালী ইউএসবি-সি কেবলের প্রয়োজন হবে বলে সূত্রে জানা গেছে। তবে এ মাউসের ডিপিআই বা অন্য কোনো ফিচারের বিষয়ে এক্সপিজি কোনো তথ্য প্রকাশ করেনি। প্রটোটাইপ মাউসের পাশাপাশি এক্সপিজি পিসিআইই জেন৫এক্স এসএসডি, ডিডিআর৫ ডির্যাম এবং এক্সপিজি ওয়্যারড কিংবা ওয়্যারলেস আলফা গেমিং মাউসসহ বেশকিছু পণ্য আগামী বছর বাজারে উন্মুক্ত করবে।










