বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজন করতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতভিত্তিক সবচেয়ে বড় মেলা বেসিস সফট এক্সপো ২০২৩। আগামী ২৩-২৬ ফেব্রুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র, পূর্বাচলে এ মেলা অনুষ্ঠিত হবে। এবারের স্লোগান নির্ধারিত হয়েছে ‘ওয়েলকাম টু স্মার্টভার্স’।
মেলায় দর্শনার্থীদের জন্য থাকছে শাটল সার্ভিস, নলেজ-শেয়ারিং সেশন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। এছাড়া থাকছে তথ্যপ্রযুক্তিতে আগ্রহী তরুণদের জন্য আইটি ক্যারিয়ার ক্যাম্প ও জব ফেয়ার।
সরকারি-বেসরকারি নীতিনির্ধারক, প্রায় ২০০ জন জাতীয় ও আন্তর্জাতিক বক্তা, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, প্রযুক্তি খাতের ব্যবসায়ী, বিদেশী প্রতিনিধি দল এবং আগ্রহী তরুণ শিক্ষার্থীদের তিন লক্ষাধিক দর্শনার্থী বেসিস সফটএক্সপো পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে। এ বছর মেলায় অন্তত ৫০টি বিশ্ববিদ্যালয়কে সম্পৃক্ত করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের মাধ্যমে আনুমানিক ১০ লাখ তরুণ প্রজন্মকে অংশগ্রহণে আগ্রহী করার চেষ্টা করা হবে। প্রতি বছরের মতো এবারা দেশ-বিদেশ থেকে তথ্যপ্রযুক্তিবিদ আসবেন। বিজনেস লিডারস মিটে করপোরেট প্রতিষ্ঠানের আট শতাধিক পদস্থ কর্মকর্তা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
এ উপলক্ষে সম্প্রতি বেসিস সচিবালয়ে বেসিস ও হুয়াওয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। অনুষ্ঠানে বেসিসের পক্ষে উপস্থিত ছিলেন বেসিসের সভাপতি রাসেল টি. আহমেদ, প্রদর্শনীর আহ্বায়ক ও বেসিসের সহসভাপতি (প্রশাসন) আবু দাউদ খান, বেসিস সচিব হাশিম আহম্মদ এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, স্টেকহোল্ডার রিলেশনস ফারাহ জাবিন আহমেদ। এছাড়া হুয়াওয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হুয়াওয়ে দক্ষিণ এশিয়া ক্লাউড বিজনেস গ্রুপের ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্স লি এবং সেলস ম্যানেজার মো. শাজাহান আহমেদ।










