বিশ্বব্যাপী মোবাইল ফোন ও ব্যক্তিগত কম্পিউটার (পিসি) ডিভাইসের চালান কমবে চলতি বছরে।। প্রযুক্তিবিষয়ক গবেষণা সংস্থা গার্টনারের তথ্যমতে, ২০২২ সালের মতো চলতি বছরেও মোবাইল ফোন ও পিসির চালান ধারাবাহিকভাবে কমার আশঙ্কা রয়েছে। খবর রয়টার্স।

গার্টনারের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে যেখানে মোবাইল ফোনের চালান হয়েছে ১৪০ কোটি ইউনিট। চলতি বছরে তা ৪ শতাংশ কমে ১৩৪ কোটি ইউনিটে দাঁড়াতে পারে। ২০২১ সালে যেখানে মোট চাল‌ানের পরিমাণ ছিল ১৪৩ কোটি ইউনিট। ২০১৫ সালে চালান হয়েছে রেকর্ড ১৯০ কোটি ইউনিট।

গার্টনারের গবেষণা পরিচালক রঞ্জিত আতওয়াল এক সাক্ষাৎকারে বলেন, কভিড-১৯ মহামারীর প্রভাবে বিশ্ববাজার প্রভাবিত হয়েছে। এ সময়ে বাড়ি বসে কাজ করা লোকেরা প্রায়ই ফোন পরিবর্তন করার প্রয়োজন অনুভব করে না। তিনি মনে করেন, ক্রেতারা প্রত্যাশার চেয়েও বেশি সময় ধরে ফোন অপরিবর্তিত রাখছেন। একটি ফোন ছয় থেকে নয় মাস পর্যন্ত ব্যবহার করছেন। নতুন প্রযুক্তির অনুপস্থিতিতে পুরনো ফোন ধরে রেখেছেন। যদিও মহামারী চলাকালে শুরুর দিকে স্মার্টফোন ও পিসির চাহিদা কিছুটা বেড়েছিল, তবে ২০২২ সালের মাঝামাঝি সময়ে সেটা কমতে শুরু করে।

বাজার বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক অর্থনীতিতে সুদের হার বৃদ্ধি ও জীবনযাত্রার উচ্চ ব্যয় স্মার্টফোনের চাহিদা কমিয়েছে। ফলে স্যামসাং, অ্যাপল থেকে শুরু করে বিভিন্ন প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি কমেছে। গবেষণা সংস্থাটি বলছে, পিসির চালান ২০২২ সালে ১৬ শতাংশ কমেছিল। চলতি বছরে আরো ৬ দশমিক ৮ শতাংশ কমতে পারে। লেনোভো, এইচপি ও ডেল এই তিন পিসি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর জন্য যা চ্যালেঞ্জিং হবে।