স্যামসাং, লেনোভো, অ্যামাজন ও হুয়াই—এ চার টেক জায়ান্ট বরাবরই অ্যান্ড্রয়েড ট্যাবলেটের বাজারে আধিপত্য বিস্তার করে এসেছে। অ্যান্ড্রয়েড ৩.০ হানিকম্বের পর প্রথমবারের মতো অ্যান্ড্রয়েড ট্যাবলেট অ্যান্ড্রয়েড ১২এল আনার পরিকল্পনা করছে গুগলও। সর্বশেষ এ তালিকায় যোগ হলো ভিভো। খবর স্ল্যাশ গিয়ার।

জিএসএম এরিনার প্রতিবেদন অনুযায়ী, ভিভো প্যাড নামে একটি নতুন ট্যাবলেট বাজারে আনতে যাচ্ছে ভিভো। চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে এরই মধ্যে ভিভোর নতুন ট্যাবলেটটির ছবি ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত ভিভো ট্যাবের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। সংশ্লিষ্টদের ধারণা শিগগিরই বাজারে আসবে ভিভোর নতুন ট্যাবটি। ছবি থেকে ধারণা করা হয়, ট্যাবটির ডিসপ্লে ১০ থেকে ১২ ইঞ্চির হবে। আরেকটি ছবিতে ম্যাগনেটিক কি-বোর্ড দিয়ে ট্যাব চালাতে দেখা গেছে ব্যবহারকারীকে। বিশেষজ্ঞদের ধারণা, এজন্য অতিরিক্ত কিছু অর্থ গুনতে হবে ব্যবহারকারীকে।

তথ্যানুযায়ী, ভিভোর ওশেনওএস অপারেটিং সিস্টেমের আপডেট সংস্করণ ব্যবহার করা হবে ডিভাইসটিতে। তবে ডিভাইসটি বাজারজাত শুরু হলে প্রাথমিকভাবে শুধু চীনেই পাওয়া যাবে। পাশাপাশি ভারত ও ইউরোপের বাজারেও ভিভোর ট্যাবটি চালু করার সম্ভাবনা রয়েছে।

ভিভোর উইবো অ্যাকাউন্টে শেয়ার করা পোস্টে জানা গেছে, অ্যান্ড্রয়েড ট্যাবের পাশাপাশি আরো দুটি ডিভাইস আনতে যাচ্ছে চীনা কোম্পানিটি। ভিভো এক্স ফোল্ড নামে নিজেদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোনের সঙ্গে ভিভো এক্স নোট নামে একটি ফ্যাবলেট সাইজ ডিভাইস আনবে তারা।