২০১৭ সালে স্ট্যাটাস ফিচারটি চালু করেছিল হোয়াটসঅ্যাপ। সময়ের সঙ্গে ব্যবহারকারীদের কাছে আকর্ষণীয় করতে এর বেশ কয়েকটি আপডেট এসেছে। সর্বশেষ সংস্করণে স্ট্যাটাস আপডেট ফিচারে ভয়েস নোট সেট করার সুবিধা যুক্ত হযেছে। খবর টেকক্রাঞ্চ।
হোয়াটসঅ্যাপ সম্প্রতি ভয়েস নোট স্ট্যাটাস ফিচারের ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা স্ট্যাটাস আপডেট হিসেবে ৩০ সেকেন্ড পর্যন্ত ভয়েস নোট রেকর্ড ও শেয়ার করার সুযোগ পাবে। স্ট্যাটাস স্ক্রিনে মাইক্রোফোন আইকনে আলতো করে চেপে ভয়েস নোট রেকর্ড করার অপশন পাওয়া যাবে। যারা টাইপ বা গ্রাফিক্স ব্যবহার করতে অপছন্দ করেন তাদের জন্য এটি দারুণ একটি ফিচার। জানুয়ারিতে অ্যান্ড্রয়েড ও আইওএস বেটা ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের ভয়েস স্ট্যাটাস ফিচারটি পর্যবেক্ষণ করেছে। প্লাটফর্মটিতে ভয়েস মেসেজের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ায় ভয়েস স্ট্যাটাস ফিচারটি যুক্ত করার সিদ্ধান্ত নেয় প্লাটফর্মটি। মেটা মালিকানাধীন মেসেজিং অ্যাপটি ২০২২ সালের মার্চে জানিয়েছিল, ব্যবহারকারীরা প্রতিদিন গড়ে ৭০০ কোটি ভয়েস মেসেজ পাঠাচ্ছে।
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ একটি ব্লগ পোস্টে জানিয়েছে, ভয়েস স্ট্যাটাসের পাশাপাশি সর্বশেষ আপডেটের মধ্যে রয়েছে প্রাইভেট অডিয়েন্স সিলেকটর টুলস।"যার মাধ্যমে স্ট্যাটাসের প্রাইভেসি নিশ্চিত করা যাবে। স্ট্যাটাস কারা দেখতে পাবে সেটি নির্ধারণ করে দেয়া যাবে এই টুলের মাধ্যমে। এছাড়া স্ট্যাটাস রি-অ্যাকশন অপশনও বেড়েছে নতুন আপডেটটিতে। বর্তমানে আটটি ইমোজির মাধ্যমে স্ট্যাটাস রি-অ্যাকশন দেয়া যাবে। ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের একটি লিংক প্রিভিউও দেখতে পাবে। এটি তাদের ইনস্টাগ্রাম পোস্ট বা ইউটিউব ভিডিওর লিংকগুলো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে পোস্ট করার আগে দেখার সুযোগ দেবে।










