প্লাস্টিক দূষণ থেকে পুরোপুরি বেরিয়ে আসতে চায় বিশ্বের বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। এ লক্ষ্য সামনে রেখে নিজেদের ডিভাইসে প্লাস্টিকের বদলে ঠাঁই পাচ্ছে পুনর্ব্যবহারযোগ্য উপাদান। ২০৫০ সালের মধ্যে গ্যালাক্সি সিরিজের ফোন পুরোপুরি পুনর্ব্যবহারযোগ্য উপাদানে তৈরি হবে। আর এসব উপাদানের অন্যতম হলো মাছ ধরার বাতিল জাল। 

দ্য কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, স্যামসাং এরই মধ্যে বেশ কয়েকটি মডেলে প্লাস্টিক বাদ দিয়েছে। বিশেষ করে গ্যালাক্সি এস সিরিজ। এ সিরিজে তারা সর্বোচ্চসংখ্যক পুনর্ব্যবহারযোগ্য উপাদানে তৈরি যন্ত্রাংশ ব্যবহার করেছে।

স্যামসাং জানিয়েছে, একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করে তারা প্লাস্টিক থেকে সরে আসবে। এর জন্য গ্রাহকদের কাছ থেকে কোনো বাড়তি মূল্যও রাখা হবে না। স্যামসাংয়ের মোবাইল এক্সপেরিয়েন্সে ডিভাইস ডেভেলপমেন্টের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পার্ক সিওং সান বলেছেন, স্যামসাং পণ্যের মান ঠিক রেখে একে পরিবেশবান্ধব করার চেষ্টা করা হচ্ছে।