ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে রাশিয়ার বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কে ফাটল ধরে। এর অংশ হিসেবে প্রযুক্তি খাতেও বাধা আসতে থাকে। এ সমস্যার সমাধানে এবার নিজস্ব অপারেটিং সিস্টেম উন্মোচন করেছে রাশিয়া। এম ওএস নামে এটি আনা হয়েছে। খবর টেকটাইমস।
মস্কোর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর উন্নয়ন করেছে। মূলত শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অপারেটিং সিস্টেমটি তৈরি করা হয়েছে। লিনাক্স কার্নেলের ওপর এটি তৈরি করা হয়েছে। ২৫ জন ডেভেলপারের একটি দল ছয় মাসের চেষ্টায় অপারেটিং সিস্টেমটি তৈরি করতে সক্ষম হয়েছে।
গিজচায়নার প্রতিবেদন অনুযায়ী, মস্কোর বিভিন্ন স্কুলে ব্যক্তিগত কম্পিউটার, ল্যাপটপ ও ইন্টারেকটিভ প্যানেলে ব্যবহারের জন্য এরই মধ্যে অপারেটিং সিস্টেমটি সরবরাহ করা হয়েছে। দ্য মস্কো ইলেকট্রনিক স্কুল (এমইএস) প্রজেক্ট টিম এমওএসের উন্নয়নে কাজ করছে বলে জানা গেছে। অপারেটিং সিস্টেমটিতে ক্রোমিয়াম ও মজিলা ফায়ারফক্সের মতো বিখ্যাত ব্রাউজার, মজিলা থান্ডারবার্ড অ্যান্ড ইভল্যুশনের মতো ই-মেইল ক্লায়েন্ট, পি৭ অফিস বা লিব্রেঅফিসের মতো অফিস স্যুট, স্ক্রিনশট তৈরির টুল, স্ক্রিন ভিডিও রেকর্ডিং ও ফাইল নিয়ে কাজ করার সুবিধা রয়েছে।
এমইএস প্রজেক্ট টিম অপারেটিং সিস্টেমটিকে সহায়তা করছে এবং এর উন্নয়নে কাজ করছে। সিনিউজের প্রতিবেদন অনুযায়ী, এম ওএস রাশিয়ার সফটওয়্যার বাজারে নতুন মাইলফলক তৈরি করেছে। গিয়াররাইসের তথ্যানুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অপারেটিং সিস্টেমটিকে যেসব আধুনিক ফিচার দেয়া হয়েছে, সেগুলো এ খাতে চলমান ডিজিটাল রূপান্তরে অবদান রাখবে।
দ্য মস্কো ইলেকট্রনিক স্কুল প্রজেক্ট টিম অভ্যন্তরীণ পর্যায়ে অপারেটিং সিস্টেম উন্নয়নের ঘোষণা দিয়েছিল। মূলত রাশিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এটি তৈরি করা হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য এতে বিল্ট-ইন অ্যাপ ও বিশেষ প্রোগ্রাম রয়েছে। বর্তমানে মস্কোর অধিকাংশ স্কুলে এটি ব্যবহার করা হচ্ছে। এছাড়া মেট্রোপলিটান স্কুলগুলোয় ল্যাপটপ ফর এভরি টিচার প্রকল্পে মাইক্রোসফট অফিসের পরিবর্তে এ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এম ওএস সিস্টেম ছাড়াও আরো কিছু অপারেটিং সিস্টেম রয়েছে। এগুলো হলো ব্যাসাল্ট এসপিও, রেড সফট ও অ্যাস্ট্রা লিনাক্স। ব্যবহারের পরিধি বাড়ায় এগুলো ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে। উদাহরণস্বরূপ ২০২১ সালের একই সময়ের তুলনায় বর্তমানে অ্যাস্ট্রা লিনাক্স অপারেটিং সিস্টেমের লাইসেন্স বা ব্যবহারকারী ছয় গুণ বেড়েছে।










