গত বছর থেকে বিশ্বজুড়ে চলমান সেমিকন্ডাক্টর সংকটের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে তথ্যপ্রযুক্তি খাত। এ সংকটের দরুন ব্যক্তিগত কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ) ও গ্রাফিক প্রসেসিং ইউনিটের (জিপিইউ) মতো অংশগুলোর দাম বেড়েছে বহুগুণ। চলতি বছর এ সংকট আরো ঘনীভূত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খবর গিজমোচায়না।

সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, এরই মধ্যে তাইওয়ানের সেমিকন্ডাক্টর জায়ান্ট তাদের পণ্যের দাম ১০-২০ শতাংশ বাড়িয়েছে। চলতি বছরের শুরুতে ম্যাচিউর ও অ্যাডভান্সড নোডস উভয় ধরনের পণ্যের দামই বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। ফলে এএমডি, ইনটেল ও এনভিডিয়ার মতো টিএসএমসির উল্লেখযোগ্য গ্রাহক প্রতিষ্ঠানগুলো তাদের পণ্যের দাম নিকট ভবিষ্যতে বাড়িয়ে দিতে পারে।

টিএসএমসির চিপের দাম বাড়ানোর কারণে এএমডি তাদের সব প্রসেসরের দাম বাড়াতে পারে। এর মধ্যে রয়েছে ৭ ন্যানোমিটারভিত্তিক জেন ২ (রাইজেন ৩০০০), জেন ৩ (রাইজেন ৫০০০) প্রসেসর এবং সম্প্রতি বাজারে আসতে যাওয়া ৫ ন্যানোমিটারভিত্তিক রাইজেন ৭০০০ প্রসেসর।

এনভিডিয়া সম্প্রতি তাদের আরটিএক্স ৩০০০ সিরিজের জিপিইউর খুচরা দাম বাড়িয়েছে। আগামীতে বাজারে আসতে যাওয়া ৪০০০ সিরিজের জিপিইউর দাম আরো বাড়াতে পারে এনভিডিয়া। কারণ নেক্সট জেনারেশন জিপিইউ সিরিজে স্যামসাংয়ের পরিবর্তে টিএসএমসির ৫ ন্যানোমিটার চিপ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে আরটিএস ৪০০০-এর জন্য ৫ ন্যানোমিটার চিপ সরবরাহে টিএসএমসিকে অর্থ পরিশোধ করেছে এনভিডিয়া।

অন্যদিকে মার্কিন সেমিকন্ডাক্টর উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনটেলও তাদের পণ্যের দাম বাড়িয়েছে। যদিও কোম্পানিটি তাদের চিপ অভ্যন্তরীণভাবেই উৎপাদন করে। তবে সেমিকন্ডাক্টর তৈরিতে ব্যবহূত ওয়েফারগুলো তারা টিএসএমসি থেকে আউটসোর্সিংয়ের মাধ্যমে সংগ্রহ করে।