রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিন দিনব্যাপী স্মার্টফোন ও ট্যাব মেলা শুরু হয়েছে। মেলায় হুয়াওয়ের সহযোগিতায় দর্শনার্থীদের ফাইভজি অভিজ্ঞতা দেবে টেলিটক।
গতকাল এ মেলা শুরু হয়। চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে যে কেউ মেলায় প্রবেশ করতে পারবেন। কভিড-১৯ সংক্রমণের কারণে দুই বছর পর পুনরায় এ মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রযুক্তিগত সহায়তায় দর্শনার্থীদের ফাইভজি অভিজ্ঞতা লাভের সুযোগ দেবে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর প্রতিষ্ঠান টেলিটক। ফাইভজি এক্সপেরিয়েন্স জোনে দর্শনার্থীরা ব্যক্তি পর্যায়ে, বাড়িতে ও শিল্প খাতে ফাইভজি ব্যবহারের অভিজ্ঞতা নিতেও এ সম্পর্কে জানতে পারবেন।
এক্সপেরিয়েন্স জোন সম্পর্কে মেলার আয়োজক মেকার কমিউনিকেশনের প্রধান নির্বাহী মুহাম্মদ খান বলেন, এক্সপো নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী। দর্শনার্থীরা এখান থেকে স্মার্টফোন ও ট্যাব কিনতে পারবেন। মেলায় থাকা এক্সপেরিয়েন্স জোন বাংলাদেশের ফাইভজি জগতে প্রবেশের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করছে। এর মাধ্যমে সাধারণ মানুষ প্রথমবারের মতো ফাইভজি কী করতে পারে, সে অভিজ্ঞতা নেয়ার সুযোগ পাবেন। এ উদ্যোগ গ্রহণে টেলিটকের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং প্রযুক্তিগত সহায়তা প্রদানের জন্য হুয়াওয়েকে ধন্যবাদ জানাই।
হুয়াওয়ে বাংলাদেশের হেড অব পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশনস ইউয়িং কার্ল বলেন, বাংলাদেশের ফাইভজি যুগে প্রবেশের মতো ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পেরে হুয়াওয়ে বাংলাদেশ অত্যন্ত গর্বিত। আমরা বিশ্বাস করি, ব্যক্তি, বাড়ি ও শিল্প পর্যায়ে নানা অ্যাপ্লিকেশনের মাধ্যমে সমাজে পরিবর্তন আনবে ফাইভজি।










