ইন্টারনেট পরিষেবা কার্যত্রম প্রসারিত করতে যুক্তরাজ্যের পাঁচটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ফাইভজি সরঞ্জাম স্থাপন করছে ভোডাফোন। যাত্রীদের সুবিধার জন্য এরই মধ্যে দেশটির বেলফাস্ট শহরের জর্জ বেস্ট ও নিউক্যাসেল ইন্টারন্যাশনাল বিমানবন্দরে ফাইভজি স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি বার্মিংহাম, এডিনবার্গ ও গ্লাসগো বিমানবন্দরে এটি স্থাপনের কাজ চলমান। ভোডাফোনের নতুন ব্লগ পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর ফোনঅ্যারেনা।
ফোরজির তুলনায় ইন্টারনেটের গতি, সক্ষমতাসহ অন্যান্য দিক থেকে সারা বিশ্বে ফাইভজি এগিয়ে। ফলে বিমানবন্দরে গ্রাহকের অত্যধিক ভিড় থাকা সত্ত্বেও ফাইল ডাউনলোড, স্থানান্তরসহ স্থিতিশীলভাবে সংযোগদানে ফাইভজি ফোরজির তুলনায় অধিক সক্ষম।
এছাড়াও দেশটির নতুন নতুন বিমানবন্দরগুলোয়ও যোগাযোগবিহীন চেক-ইন ও ডিজিটাল পাসপোর্ট নিয়ন্ত্রণে ফাইভজি পরিষেবা প্রদানে সক্ষম। ব্যবসায়ীরা রিয়েল-টাইম ইনভেন্টরিতে ফাইভজি ব্যবহার করে থাকেন। একই রকমে বিমানবন্দরজুড়ে বিভিন্ন ব্যবসা কার্যক্রমেও এ প্রযুক্তিটি সহায়তা
করতে সক্ষম।
বড় বড় উৎসবে অন্যান্য সময়ের তুলনায় বিমানবন্দরে গ্রাহকের চাপ বেশি থাকে। আসন্ন ক্রিসমাসে যুক্তরাজ্যের বিমানবন্দরগুলোয় এ চাপ অব্যাহত থাকবে। আর এ সময়ে গ্রাহক তাদের যাত্রা সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে আগ্রহী হয়ে থাকেন। এসব কথা বিবেচনা করেই ভোডাফোন যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোয় ফাইভজি সরঞ্জাম স্থাপন করছে।










