তাইওয়ানভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ফক্সকন কয়েক মাস ধরে বৈদ্যুতিক যানবাহনের (ইভি) উন্নয়নে এর কার্যক্রম সম্প্রসারণ করেছে। এবার ইন্দোনেশিয়ায় বৈদ্যুতিক যানবাহনের উন্নয়নে সহায়তা দিতে দেশটির বিনিয়োগ মন্ত্রণালয় এবং আরো কয়েকটি কোম্পানির সঙ্গে অংশীদারিত্ব করেছে প্রতিষ্ঠানটি। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ফিস্কার ইনক, থাইল্যান্ডের পিটিটিপিসিএলের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার কথা ঘোষণা করেছিল পৃথিবীর সর্ববৃহৎ ইলেকট্রনিকস সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।
ফক্সকন জানিয়েছে, বৈদ্যুতিক যানবাহন ও ব্যাটারি উৎপাদন খাতে বিনিয়োগের বড় সুযোগ পেতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ইন্দোনেশিয়ার বিনিয়োগ মন্ত্রণালয়, ইন্দোনেশিয়া ব্যাটারি করপোরেশন, এনার্জি ফার্ম পিটি ইনডিকা ও স্কুটার বিক্রেতা প্রতিষ্ঠান গগোরোর সঙ্গে অংশীদারিত্ব চুক্তি হয় অ্যাপলের আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটির। ইন্দোনেশিয়ায় একটি ‘নিউ এনার্জি ইকোসিস্টেম’
নির্মাণের লক্ষ্যে বৈদ্যুতিক যানবাহনের উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য শিল্প, যেমন শক্তি সংরক্ষণ ব্যবস্থা, ব্যাটারি এক্সচেঞ্জ স্টেশন, রিসাইক্লিং ইত্যাদির সঙ্গে কাজ করবে প্রতিষ্ঠানটি।
২০২৫ থেকে ২০২৭ সালের মধ্যে পৃথিবীর সামগ্রিক বৈদ্যুতিক যানবাহনের ১০ শতাংশ যন্ত্রাংশ নির্মাণ বা বিভিন্ন সেবা প্রদানের লক্ষ্যে ফক্সকন কাজ করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লিউ ইয়ং-ওয়ে।










