অফলাইনে বা ইন্টারনেট সংযোগ ছাড়া অনুবাদের সুবিধা পেতে ফায়ারফক্স ব্রাউজারের জন্য নতুন একটি প্লাগইন তৈরি করেছে মজিলা। প্রথম পর্যায়ে কোনো টেক্সটকে নির্ধারিত ভাষায় অনুবাদের জন্য ফায়ারফক্স ট্রান্সলেশন কিছু ফাইল ডাউনলোড করবে। খবর এনগ্যাজেট।
ফাইল ডাউনলোড করলেও প্লাগইনটি ডাটা সেন্টারে ক্লাউড প্রসেসিংয়ের জন্য তথ্য পাঠানোর পরিবর্তে সিস্টেম রিসোর্স সংগ্রহের মাধ্যমে অনুবাদ করতে পারবে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত বার্গামট প্রকল্পে সম্মিলিতভাবে কাজ করার মাধ্যমে প্লাগইনটি চালু করেছে মজিলা।
প্রকল্পে ইউনিভার্সিটি অব এডিনবার্গ, চার্লস ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব শেফিল্ড ও ইউনিভার্সিটি অব টারটু সম্পৃক্ত ছিল।
প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল এমন একটি নিউরাল মেশিন টুল তৈরি করা যেটি মজিলাকে অফলাইন ট্রান্সলেশনে সহায়তা করবে। মজিলা জানায়, ইঞ্জিন, ল্যাঙ্গুয়েজ মডেল ও ইন-পেজ ট্রান্সলেশন অ্যালগরিদমগুলো ব্যবহারকারীর কম্পিউটারে থাকতে হবে এবং সম্পূর্ণরূপে কার্যকর করতে হবে। এতে কোনো তথ্য ক্লাউডে পাঠানো হবে না। এর মাধ্যমে সবকিছু গোপন থাকবে।
টেকক্রাঞ্চের তথ্যানুযায়ী, প্লাগইনটির অন্যতম সীমাবদ্ধতা হচ্ছে এর অনুবাদ সক্ষমতা। এটি ইংরেজি থেকে মাত্র ১২টি ভাষায় অনুবাদ করতে সক্ষম। বর্তমানে ফায়ারফক্সের অনুবাদ প্লাগইনটি স্প্যানিশ, বুলগেরিয়ান, চেক, এস্তোনিয়ান, জার্মান, আইসল্যান্ডিক, ইতালিয়ান, নরওয়েজিয়ান বকমাল ও নাইনর্স্ক, পার্সিয়ান, পর্তুগিজ ও রাশিয়ান ভাষায় অনুবাদের সুবিধা দেবে। প্রকল্পে মজিলা ও তার সহযোগীরা একটি ট্রেনিং পাইপলাইন তৈরি করেছে। যেখানে স্বেচ্ছাসেবকরা নতুন মডেলকে প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে আরো ভাষা যুক্ত করতে পারবে। বর্তমানে বিদ্যমান মডেলগুলোর কার্যকারিতার বিষয়ে ব্যবহারকারীদের মতামতও আশা করছে প্রতিষ্ঠানটি। সেদিক থেকে ফায়ারফক্সের অনুবাদ প্লাগইনটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে।










