স্বাস্থ্যবিধি মেনে ৬ জানুয়ারি শুরু হতে যাচ্ছে স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০২২। রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ মেলা শুরু হবে।

তিন দিনব্যাপী এ মেলা ৮ জানুয়ারি পর্যন্ত চলবে। মেলায় ফাইভজি পণ্য ঘিরে প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর বড় চমক থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা। স্মার্টফোন ও ট্যাবলেট নিয়ে এটি দেশের সবচেয়ে বড় আয়োজন।

গতকাল রাজধানীর প্যান-প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। কভিড-১৯ মহামারীর কারণে গত দুই বছর এ আয়োজন বন্ধ ছিল। এ বছর নতুন উদ্যমে মেলার আয়োজন করা হচ্ছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবারের মতো এবারো মেলায় দর্শনার্থীরা প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর সর্বশেষ মডেলের স্মার্টফোন ও ট্যাব ব্যবহারের মাধ্যমে যাচাই করার সুযোগ পাবেন। মেলায় স্যামসাং, রিয়েলমি, শাওমি, অপো, টেকনো, ভিভো, ওয়ালটন, ওয়ানপ্লাসসহ বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাব পাওয়া যাবে। পাশাপাশি স্মার্টফোনের জন্য আনুষঙ্গিক গ্যাজেট ও অ্যাকসেসরিজ নিয়ে বেশ কয়েকটি স্টল ও প্যাভিলিয়ন থাকবে।

প্রথমবারের মতো এবারই মেলায় মোবাইল অপারেটর টেলিটকের পরিচালনায় ও হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশের কারিগরি সহায়তায় ফাইভজি এক্সপেরিয়েন্স জোন রাখা হবে। দর্শনার্থীরা জোনে এসে সরাসরি ফাইভজি অভিজ্ঞতা নিতে পারবেন। দর্শনার্থীরা বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন। এক্ষেত্রে নির্ধারিত সব স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।