অ্যাপলের যেকোনো পণ্য নিয়ে মানুষের আগ্রহ বরাবরই বেশি। এ আগ্রহ আরো বাড়িয়ে দেয় বিভিন্ন জায়গা থেকে ভেসে আসা নানা রকম গুঞ্জন। শোনা যাচ্ছে অ্যাপলের বহুল চর্চিত আইপ্যাড এয়ার ৫ নাকি শিগগিরই আসছে বাজারে। একই সময়ে আসছে তৃতীয় প্রজন্মের আইফোন এসই। খবর টেক টাইমস।
জাপানি টেক ব্লগ ম্যাক ওটাকারা জানাচ্ছে, পঞ্চম প্রজন্মের আইপ্যাড এয়ার ও তৃতীয় প্রজন্মের আইফোন এসই চলতি বছরের ‘বসন্তে’
বাজারে আসবে। সে হিসাবে আইপ্যাডটি বাজারে আসতে পারে আগামী মার্চ থেকে মে মাসের মধ্যে।
শোনা যাচ্ছে, আইপ্যাড এয়ার ৫-এর সার্বিক ডিজাইন ২০২০ সালের আইপ্যাড এয়ার ৪-এর মতোই থাকবে। তবে এবার এতে যুক্ত হচ্ছে সিঙ্গেল লেন্সের প্রাইমারি ক্যামেরা, বর্গাকার প্রান্ত এবং ১০ দশমিক ৯ ইঞ্চির একটি ডিসপ্লে। এর মূল আকর্ষণ হিসেবে থাকছে এর প্রসেসর। এতে ব্যবহার করা হচ্ছে এ১৫ বায়োনিক চিপসেট। তাছাড়া ফাইভজি সাপোর্ট করবে ডিভাইসটি। আর এর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স।
গত বছর ভিন্ন সুবিধার চারটি নতুন আইপ্যাড বাজারে আনে অ্যাপল। ১০ দশমিক ২ ইঞ্চির আইপ্যাড, ১১ ও ১২ দশমিক ৯ ইঞ্চি ভ্যারিয়েন্টের দুটো আইপ্যাড প্রো ও ষষ্ঠ প্রজন্মের আইপ্যাড মিনি। তাই এ বছর আইপ্যাড এয়ার ৪-এর উত্তরসূরি হিসেবে আইপ্যাড এয়ার ৫ আসতে যাচ্ছে বলে ধারণা করছেন প্রযুক্তিপ্রেমীরা। তবে এ ব্যাপারে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।










