ম্যাক অ্যাপে টুইটডেক বন্ধ করতে যাচ্ছে মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটার। আগামী ১ জুলাই থেকে ব্যবহারকারীদের কাছ থেকে সর্বশেষ সংস্করণটি বন্ধ করে দেয়া হবে। খবর এনগ্যাজেট।

এক টুইট বার্তায় টুইটডেক টিম উল্লেখ করে, টুইটডেককে আরো উন্নত করতে এবং নতুন ভার্সনের পরীক্ষা চালাতে আমরা ম্যাক অ্যাপ থেকে এটি বন্ধ করে দিচ্ছি। জুলাইয়ের ১ তারিখ হবে প্লাটফর্মটির সর্বশেষ দিন। ম্যাক প্লাটফর্ম থেকে স্বতন্ত্র অ্যাপটি বন্ধ করে দেয়ার পর যদি কেউ এটি ব্যবহার করতে চান তাহলে আলাদা ব্রাউজারে অথবা আলাদা ট্যাবে টুইটডেক চালু করতে হবে।

নাইনটুফাইভম্যাকের তথ্যানুযায়ী, টুইটডেক ব্যবহারের আলাদা পদ্ধতি রয়েছে। ইউনাইট ফর ম্যাক ওএস অথবা কোহেরেন্স এক্স ব্যবহারের মাধ্যমে ওয়েব অ্যাপগুলোকে ন্যাটিভ ম্যাক অ্যাপে রূপান্তর করা যাবে। অন্যদিকে ব্যবহারকারীরা চাইলে টুইটডেকভিত্তিক আরেকটি অ্যাপ টুইটিন ব্যবহার করতে পারবেন। গুঞ্জন রয়েছে যে টুইটডেককে পেইড ফিচার বানাতে কাজ করছে টুইটার।