ভারতে অপটিক্যাল নেটওয়ার্কের বাজারের শীর্ষস্থান দখলে রেখেছিল ফিনল্যান্ডের টেলিকম পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান নকিয়া। ২০২০ সালের চতুর্থ প্রান্তিক থেকে ২০২১ সালের তৃতীয় প্রান্তিক পর্যন্ত টানা অবস্থান ধরে রেখেছিল প্রযুক্তি প্রতিষ্ঠান। সম্প্রতি গবেষণা প্রতিষ্ঠান অমদিয়া সূত্রে এ তথ্য জানা গেছে। খবর গ্যাজেটসনাউ।
এক বিবৃতিতে গবেষণা সংস্থাটি জানায়, ভারতের টেলিকম পরিষেবা ও এন্টারপ্রাইজগুলো যে সমস্যার সম্মুখীন হতো, সেগুলোর সমাধানে নকিয়ার অপটিক্যাল পণ্যের বিস্তৃতি বাজারের শীর্ষস্থান ধরে রাখতে সহায়তা করেছে। দেশজুড়ে ডাটার ব্যবহার বেড়ে যাওয়ায় ভারতের টেলিসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো নেটওয়ার্ক ক্যাপাসিটি বাড়ানোর চেষ্টা চালিয়ে আসছিল।
নকিয়া জানায়, তাদের পঞ্চম প্রজন্মের ফটোনিক সার্ভিস ইঞ্জিন (পিএসই-ভি) বেশির ভাগ রুটে ৪০০জি তরঙ্গদৈর্ঘ্য পরিবহনে সক্ষম। পাশাপাশি শহর ও প্রত্যন্ত অঞ্চলে ৬০০জি তরঙ্গদৈর্ঘ্য পরিবহন করতে পারে, যা অপারেটরদের কম খরচে টেলিনেটওয়ার্ক সংযোগ প্রদানে সহায়তা করে।
ভারতে নকিয়া আরবিসির আইপি অ্যান্ড অপটিক্যাল নেটওয়ার্কস প্রধান জোতিন্দার পাল সিং বলেন, ভারতের টেলিকম পরিষেবা প্রতিষ্ঠানগুলো যেন তাদের গ্রাহকদের সর্বোত্তম নেটওয়ার্ক সরবরাহ করতে পারে, সে লক্ষ্যে আমরা নতুন পণ্য ও সার্ভিস চালুতে কাজ করছি।
অমদিয়ার ট্রান্সপোর্ট নেটওয়ার্কস অ্যান্ড কম্পোন্যান্টস বিভাগের প্র্যাকটিস লিডার ইয়ান রেডপাথ বলেন, বাজারমূল্যের দিক থেকে ২০২০ সালে সর্বোচ্চে আসীনের পর ২০২১ সালের তৃতীয় প্রান্তিক পর্যন্ত ভারতের অপটিক্যাল ট্রান্সপোর্ট বাজারে শীর্ষস্থান ধরে রাখে নকিয়া। অমদিয়া জানায়, গ্রাহকদের নির্দিষ্ট সমস্যার পরিপ্রেক্ষিতে নির্ধারিত পণ্য বাজারজাতের পাশাপাশি ভারতের বাজারে শক্ত অবস্থানের কারণে বাজারের শীর্ষে ছিল ফিনল্যান্ডের প্রযুক্তি প্রতিষ্ঠানটি।










